Breaking News

রাখিবন্ধনে এবার ‘তেরঙ্গা’ বার্তা! ২৮ অগস্ট রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে উৎসব পালনের নির্দেশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অগস্টের শেষ সপ্তাহে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। আগামী ২৮ অগস্ট, ২০২৬ তারিখে সামাজিক সম্প্রীতি ও জাতীয় সংহতির বার্তা সামনে রেখে এই উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর।নবান্ন সূত্রে খবর, রাখিবন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি এবং সামাজিক ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এবারের মূল লক্ষ্য। শুধু জেলা বা শহরকেন্দ্রিক অনুষ্ঠান নয়, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এবং পুরসভা স্তরেও যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লক স্তরে রাখিবন্ধন কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি মহকুমা ও জেলা সদরেও হবে বিশেষ অনুষ্ঠান। কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে এবং রাজ্যের অন্যান্য পুরসভার অন্তত চার থেকে পাঁচটি নির্বাচিত ওয়ার্ডে আয়োজন করা হবে রাখিবন্ধন উৎসব।এবারের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘তেরঙ্গা রাখি’। জাতীয় পতাকার তিন রঙের আদলে তৈরি এই রাখি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে ইতিমধ্যেই জেলাগুলিতে এই রাখি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।
শুধু রাখি পরানো নয়, অনুষ্ঠানের সঙ্গে বাংলার সংস্কৃতিকেও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন জায়গায় রবীন্দ্রসংগীত, রবীন্দ্রনৃত্য, বাউল গান এবং লোকসঙ্গীত পরিবেশনের আয়োজন করা হবে। স্বনির্ভর গোষ্ঠী, যুব সংগঠন, মহিলা সমিতি এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলিকেও এই কর্মসূচিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দফতর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে গোটা কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সরকারি আর্থিক নিয়ম মেনেই সমস্ত খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।
উৎসব শেষ হওয়ার পর প্রতিটি জেলা থেকে ছবি-সহ বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ দ্রুত নবান্নে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এ বছর রাজ্যের গ্রাম থেকে শহর—বিস্তৃত পরিসরেই রাখিবন্ধন পালনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *