দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর কলকাতা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকল। বৃহস্পতিবার মামলার শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার কোনও কাজ করা যাবে না। মামলাটির পরবর্তী শুনানি হবে ৮ সেপ্টেম্বর।আমতলায় অভিষেকের দফতর বেআইনি ভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে গত ১৭ মে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। গত ১৮ জুলাই দফতরটির একটি অংশ ভেঙে দেওয়া হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি আদালতে গড়ায়। রবিবার ছুটির দিনেই বিশেষ ভাবে এজলাস বসিয়ে দফতর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি হয়। অভিষেকের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর হয়ে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর দাবি, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ করা হলেও প্রশাসন ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা তাঁর মক্কেলের দফতর ভেঙেছে। এই ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেন তিনি।
অন্য দিকে, রাজ্য সরকারের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। মামলাটি নিয়ে বিস্তারিত বক্তব্য জানানোর জন্য তিনি আদালতের কাছে আরও কিছুটা সময় চান। রাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়ার আবেদন জানান অ্যাডভোকেট জেনারেল।দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তা বহাল রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে আদালতে লিপ্স অ্যান্ড বাউন্ডসের আইনজীবী অভিযোগ করেছিলেন, দফতর ভাঙার আগে মালিকপক্ষকে কোনও নোটিস দেওয়া হয়নি। কোন অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করেছে, কী নথির ভিত্তিতে নির্মাণটিকে বেআইনি বলা হচ্ছে, সেই তথ্যও জানানো হয়নি বলে দাবি করা হয়। মালিকপক্ষকে নিজেদের বক্তব্য জানানোর বা বেআইনি নির্মাণ থাকলে তা নিজেরাই সরিয়ে নেওয়ার সুযোগ না দিয়েই ভাঙার কাজ শুরু করা হয়েছিল বলে আদালতে সওয়াল করেন আইনজীবী। সেই যুক্তি বিবেচনা করেই আগেই দফতর ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার সেই নির্দেশই আপাতত বহাল রইল।
Hindustan TV Bangla Bengali News Portal