দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দিয়েই এবারের বিধানসভা নির্বাচনে পাহাড়ে লড়াই করেছিল বিজেপি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর এবং পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের খবরে নতুন করে আশায় বুক বাঁধছে পাহাড়বাসী। শনিবার, ২২ আগস্ট পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী।২১ থেকে ২৬ আগস্ট শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে অনুষ্ঠিত হবে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’। সেই অনুষ্ঠানের উদ্বোধন করতেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে পৌঁছেছেন অমিত শাহ। সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে নামার পর তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ-সহ পাহাড় ও উত্তরবঙ্গের একাধিক বিধায়ক। শুক্রবার প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে অমিত শাহের এই সফর ঘিরে পাহাড়ের রাজনৈতিক মহলের নজর এখন মূলত শনিবারের বৈঠকের দিকে। দীর্ঘদিন ধরে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে সরব পাহাড়বাসী। বাম আমলে ডিজিএইচসি এবং পরবর্তী সময়ে তৃণমূল সরকারের জিটিএ গঠনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি বলে দাবি বিজেপির। বিজেপি বরাবরই পাহাড় সমস্যার ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর প্রতিশ্রুতি দিয়ে এসেছে। রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার থাকায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে পাহাড়বাসীর।
অমিত শাহের কাছে বৈঠকে পাহাড়ের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি স্থায়ী রাজনৈতিক সমাধান। পাশাপাশি জিটিএ-র বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ এবং পাহাড়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়ও আলোচনায় উঠতে পারে। দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার দাবিও জানাবেন জনপ্রতিনিধিরা।বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নোমান রাই-সহ পাহাড়ের জনপ্রতিনিধিদের পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরির উপস্থিত থাকার কথা। রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সুকনার যে হোটেলে অমিত শাহ থাকবেন, সেখানেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই বলেন, দ্রুত পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানানো হবে। পাশাপাশি থমকে থাকা উন্নয়নমূলক কাজ শুরু করা, জিটিএ, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন এবং স্বচ্ছভাবে নিয়োগের বিষয়ও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।রাজু বিস্তার দাবি, আগের সরকারগুলির সময়ে পাহাড়ে বিভাজন তৈরি হয়েছে। বিজেপির আমলে তা হবে না। তাঁর কথায়, পাহাড় নিয়ে বিজেপির যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি রয়েছে, খুব দ্রুত সেই কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যেই অমিত শাহের এই বৈঠক বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ।
Hindustan TV Bangla Bengali News Portal