প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে থাকা ঐতিহ্যবাহী এমব্লেম ফের বসানো হল যথাস্থানে। বৃহস্পতিবার ছাত্র সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল নন্দলাল বসুর নকশা করা এই প্রতীক। শুক্রবার মেরামতির পর সেটি ফের গেটে স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
এমব্লেম পুনঃস্থাপনের পর উপাচার্য বলেন, “এটি আমাদের কাছে গর্বের জিনিস। সেটা আবার যথাস্থানে পুনঃস্থাপন করতে পেরেছি। যেটা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশে অভিযোগ জানিয়েছি।”
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবারের উত্তপ্ত পরিস্থিতিতে ৪ নম্বর গেটের ঐতিহ্যবাহী ধাতব প্রতীকটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরই সেটি দ্রুত মেরামত করে ফের আগের জায়গায় বসানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শুক্রবার মিস্ত্রি এনে ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা করে তা জোড়া লাগানো হয়। পরে গেটের নির্দিষ্ট জায়গায় প্রতীকটি পুনঃস্থাপন করা হয়।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রতীকের সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পী নন্দলাল বসুর স্মৃতি। ‘বেঙ্গল স্কুল অব আর্ট’-এর অন্যতম পথিকৃৎ নন্দলাল বসু বিশ্ববিদ্যালয়ের আদর্শ ও মূলমন্ত্রকে সামনে রেখে এই প্রতীকের নকশা করেছিলেন। পদ্মের পাপড়িতে ঘেরা ত্রি-শিখা প্রদীপের মাধ্যমে জ্ঞান, বুদ্ধিবৃত্তিক চর্চা, আবেগ ও আধ্যাত্মিক বিকাশের বার্তা তুলে ধরা হয়েছিল।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গেট চত্বরে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনগুলির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একদিকে গেরুয়া পতাকা ও জাতীয় পতাকা হাতে এবিভিপি সমর্থকদের বিক্ষোভ, অন্যদিকে লাল পতাকা নিয়ে অবস্থানে ছিলেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। গেটের বাইরে-বিতরে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।এই পরিস্থিতির মধ্যেই এমব্লেমটি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল ওঠে এবিভিপি সমর্থকদের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়।চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্ত প্রতীকটি মেরামত করে ফের যথাস্থানে বসানোয় স্বস্তি ফিরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশের মধ্যে। তবে এমব্লেম ভাঙার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও অব্যাহত।
Hindustan TV Bangla Bengali News Portal