Breaking News

অসুস্থ মীরাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, ‘প্রয়োজনে সরকার সবরকম সাহায্য করবে’ বার্তা শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ হাসপাতালে যান তিনি। প্রায় রাত ৮টা পর্যন্ত সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মীরাদেবীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন শুভেন্দু। সূত্রের খবর, চিকিৎসার ক্ষেত্রে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে তাঁকে জানাতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে গত ২১ অগস্ট হাসপাতালে ভর্তি করা হয় ৭৬ বছরের মীরা ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে খবর, গত দু’সপ্তাহ ধরে মাঝেমধ্যেই তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হতে পারে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই উদ্যোগের প্রশংসা আগেই মীরা ভট্টাচার্যের মুখে শোনা গিয়েছিল। এবার অসুস্থ মীরাদেবীকে হাসপাতালে দেখতে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়ায় ফের সামনে এল সৌজন্যের ছবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *