প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্ষমতায় আসার ১০৬ দিনের মাথায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরের সুভাষ উদ্যানে অন্নপূর্ণা যোজনার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করবে সরকার।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের প্রায় এক লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। ভবিষ্যতে আরও ২০ থেকে ৩০ লক্ষ প্রকৃত দাবিদার থাকলেও তাঁদের ভাতার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, চলতি মাসে এই এলাকার প্রায় ১৪,৫০০-র বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। আরও প্রায় আড়াই হাজার মহিলার নাম অনুমোদিত হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে বলেও জানান তিনি।
এ দিনের সভা থেকে বিরোধীদের আক্রমণও করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সরকারের বিরুদ্ধে এক শ্রেণির পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ার ‘রিল রাজনীতি’ এবং সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও সরব হন তিনি। তবে কোনও ধরনের চাপ বা অপপ্রচারে সরকার পিছিয়ে যাবে না বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনায় আগের সরকারের আমলে বঞ্চিত পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি পূর্বতন সরকারের অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে নিজের সরকারের স্বচ্ছতা ও সুশাসনের দাবিও তুলে ধরেন।এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলে জানান তিনি। ওই দিন জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে কর্মসূচি হবে। কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে তাঁর সভা করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
মাত্র ১০৬ দিনের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, উন্নয়ন ও সুশাসনের যে প্রতিশ্রুতি রাজ্যবাসীকে দেওয়া হয়েছিল, তা পূরণের পথেই এগোচ্ছে সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal