দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলা-জোকা মেট্রো প্রকল্পের কাজে বড়সড় জট কাটল কলকাতা হাই কোর্টে। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১টি স্টল সরিয়ে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিল আদালত। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, সাত দিনের মধ্যে দোকানদারদের সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে। তবে মেট্রোর কাজ শেষ হলে তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে।
সোমবার মামলার শুনানিতে আদালত জানায়, প্রকল্পের স্বার্থে আপাতত দোকানদারদের অন্যত্র অস্থায়ীভাবে সরানো যেতে পারে। তবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিতভাবে জানাতে হবে যে, কাজ শেষ হওয়ার পর ব্যবসায়ীদের ফের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।
আদালতের আরও নির্দেশ, নতুন জায়গায় দোকানদারদের সরানোর আগে জল, বিদ্যুৎ-সহ ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবা এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই বন্দোবস্ত নিশ্চিত হওয়ার পরেই উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা যাবে। ব্যবসায়ীদের অস্থায়ীভাবে মাউন্টেড পুলিশ প্যাডক এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে ধর্মতলার বিধান মার্কেটের ব্যবসায়ীরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে তৈরি এই মার্কেট বর্তমানে গুরুত্বপূর্ণ পাইকারি বাজারে পরিণত হয়েছে। কোনও লিখিত নিশ্চয়তা ছাড়াই নির্মাণকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেন তাঁরা।
মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখে অস্থায়ীভাবে সরানোর অনুমতি দিলেও, মেট্রোর কাজ শেষ হলে তাঁদের পুরনো জায়গায় ফেরানোর বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal