Breaking News

এসএসকেএমে মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, নলহাটি থেকে আত্মীয়াকে চিকিৎসা করাতে এসেছিলেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসকেএম হাসপাতাল চত্বরে আচমকাই গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। পরিবারের এক সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে কলকাতায় এসেছিলেন তিনি। সোমবার সকালে হাসপাতালের ইউরোলজি বিভাগের বাইরে একটি বেঞ্চে বসেছিলেন রাহিদা। আচমকাই একটি বহু পুরনো গাছ উপড়ে পড়ে তাঁর উপর। গাছের ভারী ডালপালা ও গুঁড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।হাসপাতাল সূত্রে খবর, রাহিদার আত্মীয় আকলিমা বিবি ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। তাঁর দেখাশোনার জন্যই হাসপাতালে এসেছিলেন রাহিদা। সোমবার সকালে আরও কয়েকজনের সঙ্গে হাসপাতাল চত্বরে বেঞ্চে বসেছিলেন তিনি। সেই সময় আচমকাই বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই ঘটনায় রাহিদা ছাড়াও আরও দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ৬৮ বছরের জিল্লার রহমান এবং ৭৬ বছরের শিস মহম্মদ শেখ। দু’জনেরই ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, কিডনির চিকিৎসার জন্য এসএসকেএমে এসেছিলেন শিস মহম্মদ শেখ। অস্ত্রোপচারের তারিখ নেওয়ার জন্য ভোর ৩টে থেকে হাসপাতালে অপেক্ষা করছিলেন তিনি। একটি বেঞ্চে শুয়ে থাকার সময় গাছের একটি অংশ তাঁর পায়ের উপর পড়ে। তাঁর পায়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে গাছটি আচমকা ভেঙে পড়ল, গাছের গোড়া পচে গিয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণ ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি তদন্ত করছেন।এসএসকেএমের মতো ব্যস্ত সরকারি হাসপাতাল চত্বরে এমন ঘটনায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রোগী ও তাঁদের পরিজনদের নিয়মিত যাতায়াতের জায়গায় পুরনো গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ কতটা করা হয়, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *