প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই পানিট্যাঙ্কি সীমান্তে সন্দেহজনক এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতের নাম আবদুল্লা খান। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় নাগরিক শঙ্কর বণিককেও।পুলিশ সূত্রে খবর, রবিবার নেপাল যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য পৌঁছেছিলেন আবদুল্লা ও শঙ্কর। নথি যাচাইয়ের সময় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তথ্যভান্ডারে আবদুল্লার বিরুদ্ধে লুক আউট সার্কুলার রয়েছে বলে জানতে পারেন আধিকারিকরা। এরপরই দু’জনকে আটক করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ দাবি করেছে, আবদুল্লা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভারতে ছিলেন। হাওড়ার শিবপুর এলাকায় থাকতেন তিনি। অভিযোগ, ভারতীয় বন্ধু শঙ্কর বণিকের সহযোগিতায় টাকার বিনিময়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন ওই আফগান নাগরিক। তাঁর কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং একটি জাল ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের আরও দাবি, ধৃতদের বিরুদ্ধে নথি জালিয়াতি, প্রতারণা, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং আধার আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। জেলা পুলিশ, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।তদন্তকারীদের নজরে এখন আরও কয়েকটি বিষয়। আবদুল্লার সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের কোনও যোগসূত্র রয়েছে কি না, তিনি কোনও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, কিংবা স্পর্শকাতর ‘চিকেনস নেক’ এলাকার কোনও তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন কি না—সবই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াই. এস. জগন্নাথ রাও জানিয়েছেন, সীমান্তে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। লুক আউট সার্কুলার এবং সন্দেহজনক নথির ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।সোমবার ধৃত দু’জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার পিছনে থাকা নেটওয়ার্ক এবং ধৃত আফগান নাগরিকের ভারতে আসার আসল উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal