দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজো মিটলেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই কথা মাথায় রেখেই পুরভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে সংগঠনকে আরও শক্তিশালী করে ময়দানে নামার পরিকল্পনা গেরুয়া শিবিরের। সেই প্রস্তুতির অংশ হিসেবেই কলকাতা ও হাওড়া পুরভোট পরিচালনার জন্য আলাদা কমিটি গঠন করল বিজেপি।কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে। কো-ইনচার্জ হয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়। মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে করা হয়েছে কমিটির আহ্বায়ক। সহ-আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি।অন্যদিকে, হাওড়া পুরসভা নির্বাচন পরিচালনা কমিটির ইনচার্জ করা হয়েছে বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাহুল সিংহকে। আহ্বায়ক হয়েছেন বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ।দীর্ঘ আট বছর ধরে হাওড়া পুরসভায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে গিয়েছে কলকাতা পুরসভার পুরবোর্ড। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেন। পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে কারণ দেখিয়েছিলেন তিনি। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তৃণমূল নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে না পারায় কলকাতা পুরসভায় প্রশাসক বসানো হয়। বর্তমানে পুর কমিশনার স্মিতা পাণ্ডে প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন।বিজেপি সূত্রের খবর, পুজোর পর নভেম্বর-ডিসেম্বর নাগাদ পুরভোট হতে পারে ধরে নিয়েই সংগঠন গোছানোর কাজ শুরু হয়েছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই মঙ্গলবার বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে বসে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল। রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা পুর এলাকার বিজেপি বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছিল। সেখানেই কলকাতা পুরভোট পরিচালনার দায়িত্ব সুকান্তের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিজেপির অন্দরের ব্যাখ্যা, কলকাতা পুরভোটের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে সুকান্তের মতো ওজনদার নেতাকে দায়িত্ব দেওয়ার মধ্যেই রয়েছে দলের কৌশলগত বার্তা। কলকাতা দখলের লক্ষ্যে এবার সর্বশক্তি দিয়ে মাঠে নামতে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি রাজ্য বিজেপির সাংগঠনিক পরিসরে সুকান্তের গুরুত্বও ফের একবার স্পষ্ট হল।রাজ্য সভাপতি পদ থেকে সুকান্ত মজুমদারের সরে গিয়ে শমীক ভট্টাচার্যের দায়িত্ব নেওয়ার পরেও সুকান্তকে রাজ্য বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে রাখা হয়েছিল। এবার কলকাতা পুরভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়ায় সংগঠনে তাঁর ভূমিকা আরও জোরালো হওয়ার ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। অর্থাৎ, ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে ফের সামনে এল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম।
Hindustan TV Bangla Bengali News Portal