Breaking News

‘বিজেপিকেই ভরসা করি, মমতার চক্করে নেই’, শিশুকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পার্কস্ট্রিটের সেই ফুটপাতবাসী মহিলা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্কস্ট্রিটের ফুটপাতে সন্তানদের জন্য দুধ গরম করতে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খাওয়া সেই মহিলা এবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’। মঙ্গলবার সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে আয়োজিত জনতার দরবারে সীতাদেবী নামে ওই মহিলা তাঁর মেয়ে ও দুই শিশুকে নিয়ে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের দুর্দশার কথা জানান তিনি। পরিবারের মাথার উপর স্থায়ী ছাদের আবেদন করেন।জনতার দরবার শেষে বাইরে বেরিয়ে ওই পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব-অভিযোগ শোনার পর থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। তিনি জানান, কলকাতা পুরসভার সঙ্গে কথা বলে ওই পরিবারের জন্য থাকার বন্দোবস্ত করা হবে। একই সঙ্গে ফুটপাত যে পথচারীদের চলাচলের জায়গা, সেটিও ওই মহিলাকে মনে করিয়ে দেন তিনি।
শুভেন্দুর কথায়, ‘‘কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। ফুটপাত মানুষের হাঁটার জন্য। ওখানে থাকবেন না।’’
এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন সরকারকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও ওই পরিবারের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি। শুভেন্দুর দাবি, ‘‘১৫ বছর মমতার সরকার ঘর দেয়নি। এখন লোক পাঠিয়ে টাকা দিয়ে বিজেপির নিন্দা করতে বলছে।’’ তাঁর আরও দাবি, ওই মহিলা বর্তমান বিজেপি সরকারের উপরই আস্থা রেখেছেন।
অন্যদিকে, পার্কস্ট্রিটের ঘটনার পর অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। যদিও শুভেন্দু জানান, মঙ্গলবার জনতার দরবারে এসে সীতাদেবী কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি। বরং তাঁর মূল আবেদন ছিল মাথা গোঁজার একটি স্থায়ী ঠাঁই।এদিনের ঘটনা নিয়ে তৃণমূল ও বামেদেরও নিশানা করেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘‘৫০ বছর ধরে তৃণমূল ও বামপন্থীরা এদের খোঁজ নেয়নি।’’ তাঁর দাবি, দীর্ঘদিন অবহেলার পর এখন সাধারণ মানুষ বিজেপির উপরেই আস্থা রাখছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *