দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গত শুক্রবার পেটের ব্যথা নিয়ে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর এদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে মীরাদেবী জানান, আপাতত তিনি ভাল আছেন।চিকিৎসকদের পরামর্শ, নিয়ম মেনে সময়মতো খাওয়াদাওয়া করতে হবে মীরাদেবীকে। চিকিৎসকদের বক্তব্য, প্রয়োজনমতো খাবার খান না তিনি। সেই কারণেই সময়মতো খাবার খাওয়ার বিষয়ে তাঁকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।গত শুক্রবার পেটের ডান দিকে ব্যথা অনুভব করায় মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সৌতিক পণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। সিটি স্ক্যানে পেটের ডান দিকে তেমন কোনও সমস্যা ধরা না পড়লেও বাম দিকে পুরু আস্তরণের মতো একটি বিষয় নজরে আসে। প্রাথমিক চিকিৎসার পর পেটের ব্যথা অনেকটাই কমে যায়। রুটিনমাফিক একাধিক রক্ত পরীক্ষাও করা হয়।
মীরাদেবীর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ সেমন্তী চক্রবর্তী। শনিবার সকালে তাঁর একাধিক মেডিক্যাল পরীক্ষা করা হয় এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে মঙ্গলবারই তাঁকে ছুটি দেওয়া হতে পারে। সেই মতো এদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি।হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মীরাদেবীর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়িয়েছিল। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য।অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, প্রায় দু’বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একাই থাকেন মীরাদেবী। সত্তরোর্ধ্ব মীরার শারীরিক সমস্যা অবশ্য নতুন নয়। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁর কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি পেটেও ব্যথা হচ্ছিল। বৃহস্পতিবার অসুস্থতা বাড়ায় পরদিন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মীরাদেবীর হৃদযন্ত্রে পেসমেকারও রয়েছে। কয়েক বছর আগে পেসমেকারের ব্যাটারি বদলাতে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর আপাতত স্থিতিশীল অবস্থাতেই বাড়ি ফিরলেন বুদ্ধদেব-পত্নী।
Hindustan TV Bangla Bengali News Portal