নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে রাজ্য সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন করে কোনও আইনি বাধা রইল না। সুপ্রিম কোর্ট যে শর্তসাপেক্ষে তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছিল, সেই নির্দেশই বহাল রাখল উচ্চ আদালত।অভিষেকের বিদেশযাত্রায় আপত্তি জানিয়ে রাজ্য সরকারের তরফে আদালতে আবেদন করা হয়েছিল। রাজ্যের আশঙ্কা ছিল, চিকিৎসার অজুহাতে বিদেশে গেলে তিনি হয়তো নির্দিষ্ট সময়ে দেশে ফিরবেন না। সেই আপত্তির ভিত্তিতেই হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হননি।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদেশযাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট যে শর্তগুলি নির্ধারণ করেছে, সেগুলিই কার্যকর থাকবে। নতুন করে কোনও নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শর্ত আরোপের প্রয়োজন নেই। ফলে চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাওয়ার পথ আরও পরিষ্কার হল।রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় আদালতের রক্ষাকবচ পেয়েছেন তিনি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলেও অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে তদন্তকারী আধিকারিকদের। একইসঙ্গে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলেও আদালত জানিয়েছিল।বর্তমানে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ বিচারাধীন। এর মধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা সামনে আসে। সুপ্রিম কোর্ট চলতি মাসের শুরুতেই নির্দিষ্ট শর্তে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। তবে বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে তাঁর যাত্রা সম্ভব হয়নি।
এবার রাজ্য সরকারের নতুন আপত্তিও হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ায় আইনি লড়াইয়ে ফের স্বস্তি পেলেন অভিষেক। অন্যদিকে, বিদেশযাত্রা আটকাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal