Breaking News

আইন অমান্য কর্মসূচিতে অশান্তির অভিযোগ!চুঁচুড়ায় বাড়ি থেকে গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক, ধৃত আরও ২ কর্মী, পরে তিনজনেরই জামিন

প্রসেনজিৎ ধর :-আইন অমান্য ও অশান্তির অভিযোগে হুগলির উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করল পুলিশ। তাঁর সঙ্গে কোন্নগরের আরও দুই সিপিএম কর্মী দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার তিনজনকেই চুঁচুড়া আদালতে পেশ করা হয়। শেষ পর্যন্ত আদালত প্রাক্তন বিধায়ক-সহ তিনজনেরই জামিন মঞ্জুর করেছে।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে উত্তরপাড়ায় শ্রুতিনাথ প্রহরাজের বাড়িতে যায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় কোন্নগরের বাসিন্দা দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত ১০ অগস্ট। ওই দিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। জেলাশাসকের দফতরের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়।
পুলিশের দাবি, ওই ঘটনায় তাদের দুই কর্মীও আহত হয়েছিলেন। ঘটনার দিন প্রায় ৪০ জন বাম কর্মী-সমর্থককে আটক করা হয়। পরে চারজনকে গ্রেফতার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া চারজনও পরদিন আদালত থেকে জামিন পান। তবে ঘটনার প্রায় দু’সপ্তাহ পর নতুন করে প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ-সহ তিন সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
আদালতে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকেই গ্রেফতারি নিয়ে সরব হন শ্রুতিনাথ। তাঁর বক্তব্য, ‘‘মেহনতি মানুষের পক্ষে দাঁড়ানো যদি অপরাধ হয়, সেই অপরাধ বার বার করতে আমি রাজি।’’ একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, ওই দিনের ঘটনায় যারা মারধর ও ভাঙচুর চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।তবে শেষ পর্যন্ত আদালত থেকে স্বস্তি পেয়েছেন তিনজনই। প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ, দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তী—তিনজনেরই জামিন মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, সোমবার রাজ্যে ‘আইনশৃঙ্খলা রক্ষা’র জন্য নতুন আইন কার্যকর করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ কিংবা থানা ও বিডিও অফিসে আগুন লাগানোর মতো ঘটনায় গ্রেফতারের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা হবে। তাঁর দাবি, ক্ষতিপূরণের অঙ্ক হবে ক্ষতির তিন গুণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *