প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বিলবোর্ড খোলা ঘিরে বৃহস্পতিবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা ওই বিলবোর্ড খুলতে গেলে দফতরের নিরাপত্তারক্ষী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কয়েক জন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেও খবর।কলকাতা পুরসভার দাবি, অভিষেকের দফতরের সামনে লাগানো বিলবোর্ডটি বেআইনি। সেই কারণেই সেটি খুলে দেওয়ার জন্য পুর আধিকারিকেরা সেখানে যান। কিন্তু বিলবোর্ডটি অবৈধ—পুরসভার এই দাবি মানতে নারাজ অভিষেক। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।অভিযোগ, পুরকর্মীরা বিলবোর্ড খুলতে গেলে বারবার বাধা দেওয়া হয়। এমনকি দফতরে ঢোকার সময় পুলিশকর্মীদের কলার ধরে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলা কর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের হেনস্থার অভিযোগ তুলেছে তৃণমূল।ঘটনার খবর পেয়ে অভিষেকের দফতরে পৌঁছে যান বৈশ্বানর চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূলের একাধিক নেতা। দফতরের ভিতরে শুরু হয় তুমুল বচসা ও ধস্তাধস্তি। অভিষেক-ঘনিষ্ঠদের তরফে পুলিশ ও বিজেপির বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর দফতরের বিলবোর্ড খুলে দেওয়ার চেষ্টা করছে পুরসভা। তিনি বলেন, ‘‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। বিজেপির এত ভয় কেন? তৃণমূলকে মিটিং-মিছিলের অনুমতি দেব না, নেতাদের আক্রমণ করব, পার্টি অফিস ভাঙব, বিলবোর্ড ভাঙব—এত ভয়? শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমরা ঘাসফুল। ঘাস যত কাটবেন, ততই বাড়বে।’’ক্যামাক স্ট্রিটের ফুটপাতে একাধিক বিলবোর্ড থাকার দাবি করে অভিষেকের প্রশ্ন, ‘‘শুধু আমার দফতরের বিলবোর্ডই কেন খোলা হবে? ফুটপাতের উপর এত বোর্ড লাগানো আছে, সেগুলি কেউ খুলবে না কেন?’’ তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক কারণে বেছে বেছে তাঁর দফতরকেই নিশানা করা হচ্ছে।
অভিষেক আরও বলেন, ‘‘যাঁরা এত দিন ধরে একের পর এক অবৈধ বিল্ডিং তৈরি করেছেন, সকলের সাত খুন মাফ। কারণ, তাঁরা এখন বিজেপির হাতে তামাক খাচ্ছেন। পুলিশের এই আচরণ, গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা হাই কোর্টে মামলা করব। সংবিধানের বাইরে কেউ নয়।’’
সূত্রের খবর, অভিষেকের দফতরের বিলবোর্ড নিয়ে কলকাতা পুলিশের তরফেই কলকাতা পুরসভায় অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা বৃহস্পতিবার বিকেলে সেখানে যান। তাঁদের হাতে থাকা নির্দেশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক-ঘনিষ্ঠরা। তাঁদের দাবি, নির্দেশটি বৈধ হলে তাতে ছবি থাকার কথা।প্রথম দফায় দীর্ঘক্ষণ তর্কাতর্কির পর পুর আধিকারিকেরা সেখান থেকে ফিরে গেলেও পরে ফের ঘটনাস্থলে আসেন। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিষেকের দফতরের লোকজনের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের তরফে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করা হয়েছে। বিলবোর্ড ঘিরে এই সংঘাতকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal