Breaking News

পার্ক স্ট্রিটে রেক বিকল, সন্ধ্যার ব্যস্ত সময়ে বিপর্যস্ত ব্লু লাইন! প্রায় আধ ঘণ্টা ভাঙা পথে মেট্রো, চরম দুর্ভোগে অফিসফেরত যাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে ফের বিপর্যস্ত কলকাতা মেট্রোর ব্লু লাইন। পার্ক স্ট্রিট স্টেশনে একটি রেক বিকল হয়ে যাওয়ায় প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এর জেরে চরম ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেন না আসায় বিভিন্ন স্টেশনে ক্রমশ বাড়তে থাকে যাত্রীদের ভিড়।মেট্রো সূত্রে খবর, পার্ক স্ট্রিট স্টেশনে রেকটির দরজা বন্ধ হতে সমস্যা দেখা দেয়। সেই কারণেই রেকটি আটকে যায় এবং তার প্রভাব পড়ে ব্লু লাইনের পরিষেবায়। পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হয়।যাত্রীদের অভিযোগ, পরিষেবা ব্যাহত হলেও প্রথম দিকে স্টেশনগুলিতে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। মেট্রোর বোর্ডে পরবর্তী ট্রেনের সময় বার বার পিছিয়ে দেওয়া হচ্ছিল। কর্মীদের কাছে জানতে চেয়েও পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি বলে অভিযোগ যাত্রীদের।পরিস্থিতি বুঝতে পেরে অনেকেই স্টেশনে ঢোকার মুখ থেকে ফিরে গিয়ে বাস ধরেন। অন্যদিকে, ইতিমধ্যেই স্টেশনে ঢুকে পড়া যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সন্ধ্যার ব্যস্ত সময়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে।শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পার্ক স্ট্রিটে রেক বিকল হওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। প্রায় আধ ঘণ্টার ভোগান্তির পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হয় ব্লু লাইনের পরিষেবা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *