প্রসেনজিৎ ধর, কলকাতা :- রক্তদান শিবিরে ডাক্তারি পড়ুয়াদের ভূমিকা নিয়ে তৈরি হল বিতর্ক। অভিযোগ, চিকিৎসক না হয়েও ন্যাশনাল মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’-এর দায়িত্ব পালন করেছেন। বিষয়টি সামনে আসতেই পড়ুয়াদের সতর্ক করল কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রস্তাবে আয়োজিত রক্তদান শিবিরে ন্যাশনাল মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া যোগ দেন। অভিযোগ, সেখানে তাঁরা মেডিক্যাল অফিসারের ভূমিকাতেও ছিলেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পরই শুরু হয় পদক্ষেপ | জানা গিয়েছে, গত মঙ্গলবার সিআইটি রোডের একটি ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে আয়োজিত ওই শিবিরে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাঁদের চিহ্নিত করে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপরই কলেজের অধ্যক্ষ বুধবার পড়ুয়াদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেন।বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পড়ুয়া অবস্থায় কোনও রক্তদান শিবিরে গিয়ে কেউ যদি মেডিক্যাল অফিসারের দায়িত্ব পালন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ, মেডিক্যাল অফিসারের দায়িত্ব পালনের জন্য চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা থাকা জরুরি। শুধুমাত্র ডাক্তারি পড়ুয়া হওয়া এই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট নয়| এদিকে, সম্প্রতি রক্ত সংক্রান্ত অনিয়মের অভিযোগে রাজ্যের স্বাস্থ্য দফতর এবং রক্ত সঞ্চালন পর্ষদ বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। রক্তদান শিবির আয়োজন এবং রক্ত সংগ্রহের পদ্ধতিতে অনিয়মের অভিযোগও উঠেছে কয়েকটি সংস্থার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়াদের রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’-এর ভূমিকায় থাকার অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal