Breaking News

বদলি হলেই এবার মোটা ভাতা! নতুন কর্মস্থলে যাওয়ার খরচে সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান

প্রসেনজিৎ ধর, কলকাতা:- সরকারি কর্মীদের জন্য বড়সড় আর্থিক সুবিধার ঘোষণা করল রাজ্য সরকার। জনস্বার্থে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিলে এবার থেকে সরকারি কর্মীরা বদলি ও মালপত্র গোছানোর খরচ বাবদ এককালীন অনুদান পাবেন। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা মিলবে। তবে সংশ্লিষ্ট কর্মীর মূল বেতনের ৮০ শতাংশের বেশি এই অনুদান দেওয়া হবে না। অর্থাৎ ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশ—যেটি কম, সেই পরিমাণ অর্থই পাওয়া যাবে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানান। কয়েক দশক ধরে চলে আসা ‘ট্রান্সফার গ্রান্ট’ এবং ‘প্যাকিং অ্যালাউন্স’-এর পরিবর্তে আরও সরল ও সুবিধাজনক ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সরকারের বক্তব্য, বদলির সময় কর্মীদের আর্থিক ও প্রশাসনিক জটিলতা কমাতেই এই নতুন ব্যবস্থা।

*কারা পাবেন এই সুবিধা?*
২০২৬ সালের ১ জুন বা তার পরে জনস্বার্থে বদলি হয়ে নতুন পদে যোগ দেওয়া সরকারি কর্মীরা এই এককালীন অনুদানের আওতায় আসবেন। যে মাসে কর্মী নতুন কর্মস্থলে যোগ দেবেন, সেই মাসের মূল বেতনের ভিত্তিতে অনুদানের পরিমাণ হিসাব করা হবে।
এই টাকা পাওয়ার জন্য কর্মীকে কোনও খরচের বিল, ভাউচার বা রসিদ জমা দিতে হবে না। নিজের ব্যক্তিগত মালপত্র নতুন জায়গায় নিয়ে গেলেই নির্দিষ্ট নিয়ম মেনে অনুদানের জন্য তিনি যোগ্য হবেন। পরিবারকে সঙ্গে নিয়ে নতুন জায়গায় না গেলেও, শুধুমাত্র নিজের মালপত্র সরিয়ে নিলে এই সুবিধা পাওয়া যাবে। মালপত্রের পরিমাণ কম বা বেশি হওয়ার উপর অনুদানের অঙ্ক নির্ভর করবে না।

*দূরত্ব অনুযায়ী কত টাকা মিলবে?*
পুরনো ও নতুন কর্মস্থলের মধ্যে দূরত্ব ৩০ কিলোমিটার বা তার বেশি হলে এবং সেই কারণে বাসস্থান পরিবর্তন করলে কর্মী নির্ধারিত পুরো অনুদান পাবেন।
অন্যদিকে, বদলির দূরত্ব ৩০ কিলোমিটারের কম হলে অথবা একই কর্মস্থলের মধ্যে বদলি হলে, বাসস্থান পরিবর্তনের শর্ত পূরণ করা সাপেক্ষে নির্ধারিত অনুদানের এক-তৃতীয়াংশ দেওয়া হবে।
ব্যক্তিগত মালপত্র পরিবহণের জন্য আলাদা কোনও খরচ দাবি করা হয়েছে কি না, তা এই অনুদান পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না।

*অবসরপ্রাপ্ত কর্মীরাও পাবেন সুবিধা*
শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, নির্দিষ্ট ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন। শেষ কর্মস্থল থেকে অবসরের পর স্থায়ীভাবে বসবাসের জায়গার দূরত্ব ৩০ কিলোমিটার বা তার বেশি হলে, যাতায়াতের এককালীন ভাড়ার পাশাপাশি সম্পূর্ণ ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ পাওয়া যাবে।
তবে শেষ কর্মস্থলেই বসবাস শুরু করলে অথবা ৩০ কিলোমিটারের মধ্যে নতুন ঠিকানায় চলে গেলে, বাসস্থান পরিবর্তনের শর্ত পূরণ সাপেক্ষে অনুদানের এক-তৃতীয়াংশ মিলবে। ২০২৬ সালের ৩১ মে বা তার পরে অবসর নেওয়া সরকারি কর্মীরা এই সুবিধার আওতায় থাকবেন।

*পুরনো নিয়মের বেশিরভাগই অপরিবর্তিত*
নতুন ব্যবস্থা চালু হলেও ১৯৯৯ সালের ২৫ মে অর্থ দফতরের জারি করা নির্দেশিকার অন্যান্য নিয়মগুলি বহাল থাকছে। সংশ্লিষ্ট ধারার পরিবর্তে নতুন এই অনুদান ব্যবস্থা কার্যকর হবে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সার্ভিস রুলসের দ্বিতীয় অংশেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।
জানা গিয়েছে, ২০২৬ সালের ১৯ অগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পরদিন, অর্থাৎ ২০ অগস্ট, তা সরকারি ভাবে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *