দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সারা বছরের জমানো টাকা খরচ করে মেসিকে দেখার টিকিট কেটেও শেষ পর্যন্ত প্রতারিত হয়েছিলেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী। এবার সেই ৩৩ হাজার দর্শকের টাকা ফেরানোর উদ্যোগ শুরু করল রাজ্য সরকার। শনিবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নবান্নে আয়োজিত অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুধু মেসি-কাণ্ডে টাকা ফেরত নয়, রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খেলাধুলার ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা, প্রশাসনিক জটিলতা এবং রাজনীতির প্রভাব দূর করতে ৪০০ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দের কথা জানান তিনি।পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০০টি মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান শুভেন্দু। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে-সহ বিশিষ্টরা।
এদিন আগের সরকারের আমলের ক্রীড়া ব্যবস্থাপনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার প্রতিনিধিত্ব গত কয়েক বছরে কার্যত তলানিতে ঠেকেছে। তাঁর কথায়, “আজ যাঁরা নিয়োগপত্র পেলেন, তাঁদের অনেকের কাগজপত্র ১১ বছর ধরে মুখ্যমন্ত্রীর দপ্তরে পড়ে ছিল। গত কয়েক বছরে অলিম্পিক, এশিয়াড কিংবা জাতীয় দলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি প্রায় শূন্য। অথচ ওড়িশা, ঝাড়খণ্ড থেকে খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন।”
শুভেন্দুর অভিযোগ, বাংলায় প্রতিভা ও মেধার অভাব নেই। কিন্তু ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ ও সদিচ্ছার ঘাটতি রয়েছে। একইসঙ্গে বিভিন্ন ক্রীড়া সংগঠনে রাজনীতির প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “প্রতিটি ক্রীড়া ক্ষেত্র বা সংগঠন রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হবে কেন? এবারের পরিবর্তন হবে সেই ব্যবস্থার পরিবর্তন। আমরা সেটা করে দেব।”
এরপরই মেসি-কাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে হাজির হলেও অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। টিকিট কেটেও মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। সেই ঘটনার পর থেকেই টিকিটের টাকা ফেরতের দাবি উঠেছিল।
সেই প্রসঙ্গেই এদিন শুভেন্দু বলেন, মেসির বহু ভক্ত ৪ হাজার থেকে ৬ হাজার টাকা খরচ করে টিকিট কিনেছিলেন। তাঁদের টাকা ফেরানোর জন্য প্রশাসনিক ও অভ্যন্তরীণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার ইচ্ছা আছে ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর টাকা যাতে ফেরত করাতে পারি। আমি তার প্রক্রিয়া অভ্যন্তরীণভাবে চালু করেছি। আশা করি, সেটা করতে পারব।”
Hindustan TV Bangla Bengali News Portal