Breaking News

চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার ‘অভিষেক-ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা রাজীব ঘোষাল!

নিজস্ব সংবাদদাতা :-চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে বাঁকুড়ায় ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। এ বার পুলিশের হাতে ধরা পড়লেন রাজীব ঘোষাল। শনিবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশের একটি দল। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার একটি মামলার তদন্তে রাজীবের নাম উঠে আসে। এর আগে একই অভিযোগে বেলিয়াতোড় থানার পুলিশ পল্লব পাণ্ডে নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই রাজীবের নাম পাওয়া যায় বলে তদন্তকারীদের দাবি।
অভিযোগ, বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন পল্লব। কিন্তু প্রতিশ্রুতি মতো চাকরি না হওয়ায় টাকা ফেরত চান অভিযোগকারী। সেই টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছু দিন পরেই এই বিষয়ে বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
রাজনৈতিক মহলে রাজীব ঘোষালকে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবেই চেনা যায়। তৃণমূলের যুব সংগঠন তৈরির সময় বাঁকুড়া জেলার দায়িত্বও সামলেছিলেন তিনি। সেই সূত্রে তৎকালীন যুব তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিতি রয়েছে। রাজীবকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবি করেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।রাজীবকে আদালতে নিয়ে যাওয়ার সময় বেলিয়াতোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। পুলিশ তাঁকে থানার বাইরে নিয়ে আসতেই ‘চোর-চোর’ স্লোগান দিতে শোনা যায় স্থানীয়দের একাংশকেও। এর আগে থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপি নেতা রামপ্রসাদ লাই বলেন, ‘‘সরকারি চাকরি দেওয়ার নাম করে এলাকার বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রাজীব ঘোষালের বিরুদ্ধে। সেই চাকরি-চোর আজ গ্রেফতার হয়েছেন। আমরা ‘ডিম থেরাপি’ দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে পুলিশ আধিকারিকদের অনুরোধে ডিম ছোড়া হয়নি। শুধু বিক্ষোভ দেখানো হয়েছে।’’
ঘটনার বিষয়ে বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ বলেন, ‘‘চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগের তদন্ত করতে গিয়ে রাজীব ঘোষালের নাম উঠে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *