দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাধারণ মানুষের অভাব-অভিযোগ দ্রুত শুনে সমাধানের পথে এগোতে আরও সক্রিয় হল রাজ্য প্রশাসন। এবার থেকে সপ্তাহে নির্দিষ্ট দু’দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে হবে সরকারি আধিকারিকদের। মঙ্গলবার ও বৃহস্পতিবার ‘জনতার দরবার’ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আধিকারিকদের নিজেদের দফতরে উপস্থিত থাকতে হবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন।শুধু জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরাই নন, প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার থেকে শুরু করে পুলিশ, বন দফতর এবং বিভিন্ন সরকারি দফতরের ফিল্ড-লেভেল অফিসারদেরও নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের জন্য সময় দেওয়ার নির্দেশ রয়েছে।নির্দেশিকায় আরও বলা হয়েছে, মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আধিকারিকরা নাগরিকদের সঙ্গে দেখা করতে পারেন, তার জন্য ওই সময়ে যতটা সম্ভব বৈঠক, সরকারি সফর বা অন্য কোনও কর্মসূচি রাখা যাবে না। অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই ওই সময়ের মধ্যে অগ্রাধিকার দিতে হবে আধিকারিকদের।
নাগরিকদের যাতে সহজে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়, সেই বিষয়েও নির্দেশ দিয়েছে নবান্ন। দফতরের দৃশ্যমান জায়গায় আধিকারিকদের ই-মেল এবং মোবাইল নম্বর প্রকাশ করতে হবে। একই তথ্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও দিতে হবে। পাশাপাশি কোন দফতরের আধিকারিক কোন দিন এবং কখন সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন, তা নোটিস দিয়ে আগাম জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।তবে শুধু অভিযোগ শোনাই যথেষ্ট নয়। অভিযোগ পাওয়ার পর কী পদক্ষেপ করা হল, তারও বিস্তারিত হিসাব রাখতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টালে অভিযোগ এবং তার ভিত্তিতে নেওয়া পদক্ষেপ নথিভুক্ত করার ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। প্রয়োজন হলে ঊর্ধ্বতন আধিকারিকরা অভিযোগের অগ্রগতি এবং নিষ্পত্তির বিষয়টি পর্যালোচনা করবেন।
প্রশাসনের এই নতুন ব্যবস্থায় অনলাইন পরিষেবার পাশাপাশি সরাসরি সরকারি আধিকারিকদের কাছে পৌঁছনোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে ডিজিটাল পরিষেবা ব্যবহারে যাঁরা এখনও স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য সপ্তাহে দু’দিনের এই সরাসরি সাক্ষাতের ব্যবস্থা কার্যকরী ভূমিকা নিতে পারে বলেই মনে করছে প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal