Breaking News

যাদবপুরের ক্যাম্পাসে ‘আপত্তিকর’ দেওয়াল লিখনে চুনকাম! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক দিনের মধ্যেই তৎপরতা, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে লেখা বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান এবং জমে থাকা আবর্জনা সরানোর বিষয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তার কয়েক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল তৎপরতা। শনিবার থেকে ক্যাম্পাসের একাধিক দেওয়ালে থাকা বিভিন্ন স্লোগান, লেখা ও বার্তার উপর সাদা রং লাগিয়ে সেগুলি ঢেকে দেওয়ার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই এই পদক্ষেপ কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এর সঙ্গে কোনও রাজনৈতিক নির্দেশের সম্পর্ক নেই। ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখার জন্য দেওয়াল থেকে পুরনো লেখাগুলি মুছে ফেলা একটি নিয়মিত প্রক্রিয়া। এর আগেও একই ভাবে দেওয়াল পরিষ্কার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
সম্প্রতি বহিরাগতদের হামলা এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বার বার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ উঠে এসেছে। সেই আবহেই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা বিভিন্ন স্লোগান নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের দেওয়ালে কেন ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা থাকবে? কেনই বা ‘কাশ্মীর মাঙ্গে আজ়াদি’-র মতো স্লোগান লেখা হবে?
যাদবপুরের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের দেওয়াললিখন থাকা নিয়ে আপত্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান লেখা রয়েছে বলে তাঁর কাছে অভিযোগ এসেছে। কিছু ভিডিয়ো ও ছবিও তাঁর হাতে এসেছে বলে দাবি করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি।এরপরেই শনিবার থেকে ক্যাম্পাসের একাধিক জায়গায় দেওয়াল পরিষ্কারের কাজ শুরু হয়। পুরনো স্লোগান ও লেখার উপর সাদা রং করে সেগুলি ঢেকে দেওয়া হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের এক কর্তার বক্তব্য, ‘‘কেউ বলেছেন বলে তড়িঘড়ি দেওয়াল মোছার কাজ শুরু হয়নি। ক্যাম্পাসের দেওয়ালে নানা ধরনের লেখা থাকলে তা দৃষ্টিনন্দন লাগে না। আমরা আগেও এই কাজ করেছি, এ বারও রুটিন মেনেই করা হচ্ছে।’’পড়ুয়াদের উদ্দেশেও বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনও দাবি, বক্তব্য বা মতামত থাকলে দেওয়ালে না লিখে ক্যাম্পাসে থাকা নির্দিষ্ট ডিসপ্লে বোর্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *