Breaking News

বিপর্যয় মোকাবিলায় এবার ‘অর্জুন বাহিনী’, ২০০ প্রাক্তন সেনাকে নিয়ে শুরু, অগ্নিবীরদের নিয়োগে বিশেষ অগ্রাধিকার ঘোষণা শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিপর্যয় মোকাবিলায় রাজ্যে তৈরি হচ্ছে বিশেষ বাহিনী ‘অর্জুন বাহিনী’। প্রথম পর্যায়ে রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া ২০০ জনকে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে। মঙ্গলবার নবান্ন থেকে এই নতুন বাহিনীর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, ‘অর্জুন বাহিনী’র সদস্যদের প্রত্যেকেই সেনাবাহিনী থেকে অবসর নেওয়া এবং ৪০ বছরের কম বয়সি। ভবিষ্যতে ভারতীয় সেনা থেকে চার বছরের মেয়াদে কাজ করে অবসর নেওয়া অগ্নিবীরদেরও এই বাহিনীতে অগ্রাধিকার দেওয়া হবে। মূলত যে সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বেশি, সেখানেই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
শুভেন্দু বলেন, ‘‘সুন্দরবন, পাহাড়ের মতো জায়গা, যেখানে বিপর্যয়ের আশঙ্কা থাকে সেখানে এই বাহিনীকে মোতায়েন করা হবে।’’সূত্রের খবর, কলকাতা, পাহাড় এবং সুন্দরবন—এই তিন এলাকায় বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কলকাতায় ১০০ জন, পাহাড়ে ১০০ জন এবং সুন্দরবন এলাকায় ৫০ জনকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার কাজে রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।শুধু জনবল নয়, আধুনিক সরঞ্জাম ও পরিকাঠামো দিয়েও ‘অর্জুন বাহিনী’কে তৈরি করা হবে। প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ধাঁচে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।নতুন এই বাহিনীর সদস্যদের জন্য আর্থিক সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। ‘বীর নায়ক’ পদে থাকা প্রধানকে মাসিক ৪০ হাজার টাকা এবং ‘বীর’ সদস্যদের মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রতি বছর ৩ শতাংশ হারে সাম্মানিক বৃদ্ধির ব্যবস্থাও থাকছে। কর্মরত অবস্থায় কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আঘাতের কারণে শারীরিক অক্ষমতা তৈরি হলে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তারাতলা বিপর্যয়ের পর রাজ্যে বিপর্যয় মোকাবিলায় আরও শক্তিশালী ও প্রশিক্ষিত বাহিনী তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হিসেবে মঙ্গলবার নবান্ন থেকে ‘অর্জুন বাহিনী’র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অন্যান্য রাজ্যের মতোই এনডিআরএফের ধাঁচে আধুনিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আপাতত ২০০ জনকে নিয়ে এই বাহিনী।’’তবে এই ২০০ জনই শেষ নয়। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ‘অর্জুন বাহিনী’র পরিধি আরও বাড়ানো হবে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *