প্রসেনজিৎ ধর :-২০২৩ সালের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, হুগলি-সহ একাধিক এলাকায় অশান্তির ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার বিচার ভবনে অবস্থিত বিশেষ আদালতে ন’জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অশান্তি সৃষ্টি এবং কর্তব্যরত সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।এনআইএ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ১৮৬, ৩২৩, ৩৩২-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মোট ৩৩ পাতার চার্জশিটে ৫২ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে বলেও তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে।২০২৩ সালের ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলাসহ রাজ্যের একাধিক এলাকায় হিংসা ও অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মামলার শুনানিতে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ২০২৩ সালের ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, দু’সপ্তাহের মধ্যে মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে রাজ্যের করা আবেদন অবশ্য খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপরই রামনবমীর হিংসা সংক্রান্ত ছ’টি মামলার তদন্তভার নেয় এনআইএ। সেই তদন্তেরই প্রথম ধাপে ন’জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Hindustan TV Bangla Bengali News Portal