Breaking News

এনসিপিআইয়ের সঙ্গে জোট নয়! কলকাতা-হাওড়া পুরভোটে একাই লড়বে বিজেপি? শমীকের বার্তায় বাড়ল জল্পনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুজো মিটলেই কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচন হতে পারে—এমন জল্পনা ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। শুধু কলকাতা ও হাওড়া নয়, রাজ্যের অন্যান্য পুরসভাতেও ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে পুরভোটকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
এরই মধ্যে এনসিপিআই-কে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। দিল্লিতে এনডিএ-কে সমর্থন করা এই নতুন দলের সঙ্গে বাংলায় বিজেপির সমঝোতা হবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। বুধবার সেই জল্পনায় কার্যত জল ঢেলে একক শক্তিতে ভোটে লড়ার বার্তাk দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
এনসিপিআইয়ের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে শমীক বলেন, এনসিপিআই নতুন দল এবং তারা দিল্লিতে এনডিএ-কে সমর্থন করছে। তবে সেই রাজনৈতিক সমীকরণ বাংলায়, বিশেষ করে কলকাতার পুরভোটে কার্যকর হবে কি না, তা এখনই বলা যায় না। তাঁর কথায়, কলকাতা ও হাওড়ায় বিজেপি এককভাবেই লড়াই করে পুরবোর্ড দখল করতে সক্ষম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
শমীকের বক্তব্য, বাংলায় বিজেপি কোনও দলের দয়া বা আশীর্বাদে রাজনৈতিক শক্তি হয়ে ওঠেনি। নিজেদের সংগঠন এবং কর্মীদের শক্তির উপর ভর করেই দল নির্বাচনে লড়েছে। তাঁর দাবি, বিজেপি কর্মীরা একাই কলকাতা ও হাওড়া কর্পোরেশন দখলের মতো লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত।তবে জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন কি না, সেই প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি শমীক। তিনি মনে করিয়ে দেন, রাজনীতি সম্ভাবনার শিল্প। ফলে ভবিষ্যতে কী সমীকরণ তৈরি হবে, তা নিয়ে আলোচনা চলতেই পারে। তবে তাঁর বক্তব্যে স্পষ্ট, আপাতত বঙ্গ বিজেপির মূল ভরসা নিজেদের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন। এদিকে দলের অন্দরে সাম্প্রতিক ক্ষোভ-বিক্ষোভ এবং কয়েকজন বিধায়কের প্রকাশ্য মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে শমীক জানান, কোনও সংগঠনই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। কোথাও কোথাও সামান্য বিচ্যুতি থাকতে পারে। তবে জীতেন তিওয়ারি বা অমরনাথ শাখার মতো গুরুত্বপূর্ণ নেতাদের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা ঠিক হয়নি বলেই মনে করেন তিনি।
দলের রাজ্য সভাপতি জানিয়েছেন, তিনি ফিরে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে দলের ভিতরে কোনও বড় ধরনের অসন্তোষ তৈরি হয়নি বলেও দাবি করেছেন তিনি। সব মিলিয়ে পুরভোটের আগে বঙ্গ বিজেপির বার্তা আপাতত স্পষ্ট—জোটের দরজা পুরোপুরি বন্ধ না করলেও কলকাতা ও হাওড়ায় নিজেদের শক্তিতেই লড়াই করার আত্মবিশ্বাস দেখাচ্ছে দল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *