Breaking News

মোদীর জন্মদিনে বাংলায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির! সেবাই মূল মন্ত্র, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে সেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এক মাস ধরে ‘সেবা সপ্তাহ’ বা ‘সেবা মাস’ পালনের পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। এই কর্মসূচির প্রস্তুতি ও পরিকল্পনা চূড়ান্ত করতে বৃহস্পতিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত হল রাজ্যস্তরের কর্মশালা।এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, দলের কোর কমিটির সদস্যরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলা, এমনকি উত্তরবঙ্গ থেকেও দলের পদাধিকারী ও কর্মীরা এ দিনের কর্মশালায় যোগ দেন।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ জনজীবন এবং প্রায় আড়াই দশকের দেশসেবার দৃষ্টান্তকে সামনে রেখেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে সমাজের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে তাঁদের পাশে দাঁড়ানোই ‘সেবা মাস’-এর অন্যতম প্রধান লক্ষ্য।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, বুথস্তর পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্যেই কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। প্রথমে জেলাস্তরে এই কর্মশালার বার্তা পৌঁছবে, এরপর তা মণ্ডল এবং শেষ পর্যন্ত বুথস্তরে নিয়ে যাওয়া হবে।অন্যদিকে, বিজেপি নেতা দেবজিৎ সরকার জানান, ২০৪৭ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এক মাসজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়ার মতো একাধিক আয়োজন থাকবে। দেশের উদ্ভাবনী কাজের জন্য চিহ্নিত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে কলকাতাকেও রাখা হয়েছে বলে জানান তিনি।রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, বিজেপির কাছে রাজনীতি একমাত্র লক্ষ্য নয়, জনসেবাও দলের অন্যতম প্রধান দায়িত্ব। সামনে দুর্গাপুজো থাকায় সেই উৎসবকে মাথায় রেখেই বিশেষ পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোর আনন্দে কোনওরকম ব্যাঘাত না ঘটিয়ে বিভিন্ন মণ্ডপে চিকিৎসা শিবির, পানীয় জলের ব্যবস্থা এবং তথ্য সহায়তা কেন্দ্র চালুর কথা জানানো হয়েছে।দলীয় নেতৃত্বের দাবি, বাংলায় এই ‘সেবা অভিযান’কে বৃহত্তম কর্মসূচিতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দেশজুড়ে দলের কর্মসূচিগুলির মধ্যে বাংলাকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার আশাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা।
এক মাসের এই কর্মসূচিতে একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে। তার মধ্যে রয়েছে দেশজুড়ে মেগা রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দরিদ্র ও বস্তি এলাকায় ফল এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। পাশাপাশি ‘স্বচ্ছ ভারত’-এর বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হবে।বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টিহীনদের জন্য কৃত্রিম অঙ্গ ও প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম বিতরণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধার সঙ্গে যুক্ত করতে সহায়তা করা হবে। দেশের বিভিন্ন রাজ্যের ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিতি এবং পারস্পরিক সাংস্কৃতিক মেলবন্ধন তৈরির জন্য একদিনের বিশেষ কর্মসূচিও রাখা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *