Breaking News

‘পুলিশকে সঙ্গে নিয়ে মধ্যরাতে বর্বরতা’, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলায় বিজেপিকে নিশানা মমতার, দিল্লি গিয়ে ধর্নার হুঁশিয়ারি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ভোররাতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে এসে ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে তৃণমূলের দফতরে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এই ধরনের ‘অত্যাচার’ বন্ধ না হলে প্রয়োজনে দিল্লিতে গিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতায় নেই। বৃহস্পতিবার সকালে নিজের সমাজমাধ্যমে ক্যামাক স্ট্রিটের দফতরে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, ভোর সাড়ে ৪টে নাগাদ অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন দুষ্কৃতী জোর করে অফিসে ঢুকে পড়ে। কর্মীদের মারধর করার পাশাপাশি তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভাঙচুর করা হয় আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম। গোটা দফতর তছনছ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।অভিষেকের আরও অভিযোগ, ঘটনার সময় একাধিকবার পুলিশকে ফোন করা হলেও সাহায্য মেলেনি। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, ভোটের আগে পর্যন্ত ধৃতদের তৃণমূলের সঙ্গে দেখা যেত।ঘটনাটি নিয়ে বিকেলে ফেসবুক লাইভে সরব হন মমতা। তাঁর অভিযোগ, ‘‘মধ্যরাতে বিজেপি আমাদের দফতরে গুন্ডা পাঠিয়েছে। কাগজপত্র, দলিল, রেকর্ড-সহ বিভিন্ন জিনিস লুট করা হয়েছে। চার জন কর্মীকে ভিতরে আটকে রেখে অত্যাচার করা হয়েছে।’’ শেক্সপিয়র সরণি থানার একেবারে কাছে এমন ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।মমতার কথায়, কলকাতার বুকে যদি এ ভাবে মধ্যরাতে ‘বর্বরতা’ চালানো হয়, তা হলে গ্রামবাংলার পরিস্থিতি কী হতে পারে, তা নিয়েও ভাবতে হবে। তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশের একাংশ ‘রক্ষক’ থেকে ‘ভক্ষক’-এ পরিণত হয়েছে। তবে কর্তব্যনিষ্ঠ পুলিশ আধিকারিকদের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।এদিন জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগও তোলেন মমতা। তাঁর দাবি, প্রায় চার হাজার দলীয় কার্যালয় বিজেপি দখল করেছে এবং দলীয় পতাকা পদদলিত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীদের পথে নামার বার্তাও দেন তিনি।ক্যামাক স্ট্রিটের ঘটনা প্রসঙ্গে মমতার বক্তব্য, এই ধরনের অত্যাচার বন্ধ না হলে আগামী দিনে দিল্লিতে গিয়ে ধর্নায় বসতেও পিছপা হবেন না তিনি। একইসঙ্গে বিজেপির একটি সাম্প্রতিক অনুষ্ঠানে গেরুয়া কার্পেটের উপর জুতো পরে হাঁটার প্রসঙ্গ টেনে গেরুয়া রং নিয়েও কটাক্ষ করেন তৃণমূলনেত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *