Breaking News

পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা শুভেন্দুর! ১ লক্ষ টাকা অনুদান, ১০০% বিদ্যুৎ বিল মকুব, বড় পুজোকে টাকা না নেওয়ার আবেদন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পালাবদলের পর বাংলায় এ বার প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই পুজোর উদ্বোধন থেকে শুরু করে কার্নিভাল, ক্লাবগুলির অনুদান—সব কিছু নিয়েই তৈরি হয়েছিল নানা জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে আসন্ন দুর্গোৎসব নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছর রাজ্যের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সঙ্গে বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রেও বড় ছাড়ের ঘোষণা করা হয়েছে। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের খরচের ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ডব্লিউবিএসিডিসিএল এবং সিইএসই-র সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তবে পুজোর উদ্বোধনের ক্ষেত্রে এ বার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। মাতৃপক্ষ শুরু হওয়ার আগে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না। অর্থাৎ মহালয়ার আগে কোনও মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না। মহালয়ার পর থেকেই শুরু হবে পুজোর উদ্বোধন।
কার্নিভাল নিয়েও এ দিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বছর রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হবে না। তবে পুজো কমিটিগুলির সম্মান জানাতে সরকারি উদ্যোগে ‘শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার প্রথা শুরু হয়। প্রথম বছরে প্রতিটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বাড়ানো হয়। ২০২৫ সালে প্রতিটি পুজো কমিটি পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা করে।তবে সরকার বদলের পর বড় বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বড় ক্লাবগুলিকে আর্থিক সাহায্য না-ও দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সোমবারের বৈঠকে অনুদানের অঙ্ক ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।বড় বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান না নেওয়ার জন্য আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।”পাশাপাশি কীভাবে অনুদানের জন্য আবেদন করতে হবে, সেই প্রক্রিয়াও বৈঠক থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে অনুদানের অঙ্ক কিছুটা কমলেও বিদ্যুৎ মাশুলে সম্পূর্ণ ছাড়ের মাধ্যমে পুজো কমিটিগুলিকে স্বস্তি দেওয়ার বার্তা দিয়েছে নতুন সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *