প্রসেনজিৎ ধর :-উত্তরকন্যায় তখন বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় ভবনের বাইরে মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সংরক্ষিত হেলিপ্যাড এলাকায় আচমকাই উত্তেজনা ছড়ায়। ‘আর্মি’ স্টিকার লাগানো একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী, পুলিশ এবং গাড়ির চালকের মধ্যে তুমুল বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চালকের নাম বাপি রায়। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেই সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।অভিযোগ, আচমকাই কাঁচে ‘আর্মি’ লেখা একটি সাদা চারচাকা গাড়ি নিয়ে হেলিপ্যাডের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন বাপি। মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত জায়গায় গাড়িটি ঢুকে পড়তেই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। গাড়ির চালককে ঘিরে শুরু হয় উত্তেজনা।পরিস্থিতি দ্রুত হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। গাড়ির চালককে ঘিরে ধরে বিজেপি কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান বলে অভিযোগ। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাঁদের সঙ্গেও বিজেপি কর্মী-সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।এরমধ্যেই পুলিশ গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় এক বিজেপি কর্মী দলীয় পতাকা বাঁধা একটি বাঁশ দিয়ে গাড়িটির পিছনের দিকে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হেলিপ্যাড চত্বরে উত্তেজনা আরও বেড়ে যায়।
পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর মুখ্যমন্ত্রীর যাতায়াতের পরিকল্পনাতেও পরিবর্তন হয়। জানা গিয়েছে, হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal