Breaking News

কলকাতা হাইকোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি,বুধবার শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে,উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘ কয়েকমাসের অপেক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে বুধবার দায়িত্ব নিলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এ দিন সকাল ১০টায় হাই কোর্টের এক নম্বর আদালতকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ বিশিষ্টরা।নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছুদিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ফলে রবীন্দ্র ঘুগের নিয়োগের সঙ্গে কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতির শূন্যতা পূরণ হল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করার প্রায় এক মাস পরে কেন্দ্রের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। শনিবার কেন্দ্রীয় সরকার বম্বে হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সিদ্ধান্ত জানায়।
আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বিচারপতি ঘুগের। ১৯৯০ সালে ছত্রপতি সম্ভাজীনগরের এমপি ল’ কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি। ওই বছরই বম্বে হাই কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু। কর্মজীবনের প্রথমদিকে শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের হয়ে প্রায় দু’হাজার মামলায় সওয়াল করেছেন বলে জানা যায়। পাশাপাশি প্রায় ২৫০টি কর্পোরেট ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন তিনি।শুধু আদালতের কাজেই সীমাবদ্ধ ছিলেন না রবীন্দ্র ভি ঘুগে। আইনজীবী হিসেবে কাজের পাশাপাশি বাবাসাহেব অম্বেডকর মরাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য বিষয়, তাঁর বাবা ভি বি ঘুগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন।এছাড়াও ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল লয়ার্স-এর সচিব এবং সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন রবীন্দ্র ভি ঘুগে।এরপর চলতি বছরের জুন মাসে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। এবার কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন রবীন্দ্র ভি ঘুগে। তাঁর হাত ধরেই কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *