প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুরভোটের আগে ইংরেজবাজার পুরসভায় বড় রাজনৈতিক চমক। চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তথা পাঁচ বারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভায় এখনও তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই বুধবার স্বেচ্ছায় চেয়ারম্যান পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তাঁর এই পদত্যাগ ঘিরেই মালদহের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে নানা আলোচনা চলছিল। এমনকী কৃষ্ণেন্দু নারায়ণ নিজেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে ঠিকই, তবে আগামী দিনে তিনি আর তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন না। দলের তরফে তাঁকে প্রার্থী হওয়ার কথা বলা হলেও সেই সিদ্ধান্তে তিনি রাজি নন বলেও জানিয়েছিলেন। এর কয়েক দিনের মধ্যেই চেয়ারম্যান পদ থেকে তাঁর ইস্তফার খবর সামনে এল।
পদত্যাগের পর কৃষ্ণেন্দুর বক্তব্য ঘিরে আরও জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, “কাজ করতে পারছিলাম না। রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি।” ফলে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে চাননি ইংরেজবাজার পুরসভার পাঁচ বারের পুরপ্রধান। রাজনৈতিক জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণেন্দু বলেন, “সময় কথা বলবে। যেমন পরিস্থিতি আসবে, তেমন চলবে।” একইসঙ্গে তাঁর দাবি, একটা সময়ে অনেকেই তাঁকে রাজনৈতিকভাবে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি বদলেছে। তাঁর কথায়, “অনেকে তো আমাকে এখান থেকে নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেছিল। এখন ওরাই নির্বাসনে চলে গিয়েছে।”দীর্ঘদিন ধরে মালদহের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বাম আমলেও কংগ্রেসের বিধায়ক হিসেবে নিজের রাজনৈতিক প্রভাব ধরে রেখেছিলেন তিনি। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। রাজ্যের মন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিকবার ইংরেজবাজার পুরসভার পুরপ্রধানের দায়িত্বও সামলেছেন।এদিকে, ইংরেজবাজার পুরসভায় এখনও তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পরেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান কৃষ্ণেন্দু। পুরভোটের আগে তাঁর এই পদত্যাগ যে মালদহের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
কৃষ্ণেন্দু নারায়ণ কি নতুন কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হবে—তা নিয়ে এখনই মুখ খোলেননি তিনি। তবে তাঁর ‘নতুন ছাতার অপেক্ষায়’ মন্তব্যকে ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে।
Hindustan TV Bangla Bengali News Portal