Breaking News

বিনামূল্যে সোমনাথ দর্শনের সুযোগ! ১০০০ ভক্তকে নিয়ে কলকাতা থেকে রওনা বিশেষ ট্রেন, পুজোর আগেই পূর্ণ হবে তীর্থের স্বপ্ন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমনাথ মন্দিরের হাজার বছরের ঐতিহ্য ও গৌরবকে স্মরণ করে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজ্যের প্রায় ১০০০ পুণ্যার্থীকে বিনামূল্যে সোমনাথ দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুর ১২টা নাগাদ কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেনে গুজরাটের উদ্দেশে শুরু হল তাঁদের যাত্রা। দীর্ঘদিন ধরে সোমনাথ মন্দির দর্শনের ইচ্ছা থাকলেও দূরত্ব ও যাতায়াতের বিপুল খরচের কারণে অনেকের কাছেই তা অধরা থেকে যায়। এবার রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগেই সেই সুযোগ মিলল বিনামূল্যে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রায় এক হাজার পুণ্যার্থীকে নিয়ে বিশেষ ট্রেন পৌঁছবে গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে। কলকাতা স্টেশন থেকে এই ‘সোমনাথ যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী উমেশ রাই এবং নগরোন্নয়ন ও পুর বিষয়ক এবং পরিষদীয় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। জানা গিয়েছে, বিশেষ ট্রেনটি আগামী ১৪ সেপ্টেম্বর সোমনাথে পৌঁছবে। সেখানে তীর্থ দর্শনের পর ১৭ সেপ্টেম্বর কলকাতার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। ২০ সেপ্টেম্বর ভোরে কলকাতা স্টেশনে ফেরার কথা রয়েছে। কলকাতা থেকে সোমনাম যাত্রা এবং ফেরার পথে পুণ্যার্থীদের প্রয়োজনীয় খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। অন্যদিকে, সোমনাথে পৌঁছনোর পর তীর্থযাত্রীদের থাকা, খাওয়াদাওয়া, স্থানীয় দর্শন এবং যাতায়াতের ব্যবস্থা গুজরাট সরকারের তরফে করা হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রেও প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জেলায় জেলায় সরকারি প্রতিনিধিদের মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের পুণ্যার্থীরা আসানসোল স্টেশন থেকে বিশেষ ট্রেনে উঠবেন। তাঁদের যাতায়াত ও স্টেশনে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতেও প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘ এই তীর্থযাত্রায় যাত্রীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
পুজোর আগে সম্পূর্ণ বিনামূল্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান সোমনাথ মন্দির দর্শনের এই সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পুণ্যার্থীরা। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *