দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় শিল্প ও কর্মসংস্থানের প্রসারে এবার জ্বালানি ক্ষেত্রকে সামনে রেখে বড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে বাংলায় ‘ভারত শক্তি সপ্তাহ’ পালনের ঘোষণা করেন তিনি। অশোকনগরে তেল উত্তোলন, হলদিয়া রিফাইনারির নতুন ইউনিট এবং সুন্দরবনে ম্যানগ্রোভ রোপণের মতো একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে এই ক্ষেত্র থেকে রাজ্যে বড় বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারতের অন্যতম বড় আন্তর্জাতিক শক্তি ও জ্বালানি সম্মেলন ‘ইন্ডিয়া এনার্জি উইক’। এর আগে বেঙ্গালুরু, গোয়া এবং দিল্লিতে এই সম্মেলনের আয়োজন হয়েছে। আগামী ২০২৭ সালে কলকাতায় এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। সেই প্রস্তুতি নিয়েই এদিন নবান্নে বৈঠক হয়। পরে সাংবাদিক বৈঠক থেকে বাংলায় ‘ভারত শক্তি সপ্তাহ’ পালনের কথা জানান শুভেন্দু। অশোকনগরে তেল উত্তোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অশোকনগরে তৈল উত্তোলনের কাজ শুরু হয়েছে। এখন বাংলা মোদিজির হাত ধরে দেখছে কীভাবে কাজ করতে হয়। হলদিয়ায় রিফাইনারির নতুন ইউনিট স্থাপন করা হয়েছে।” এরপরেই রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অতীতে একাধিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল। বর্তমান সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে এবং সেগুলি বাস্তবায়িত হলে জ্বালানি ও শিল্প ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি প্রকল্পের সম্প্রসারণের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিন বাংলায় শিল্পের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও। তাঁর বক্তব্য, অতীতে কী হয়েছে তা নিয়ে না ভেবে এবার বাংলাকে শিল্প ও বিনিয়োগের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে বাংলায় শিল্পের প্রসারে শুভেন্দু অধিকারী কাজ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal