দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। একসঙ্গে ২৩ জন আইপিএস এবং রাজ্য পুলিশ সার্ভিসের আধিকারিকের দায়িত্ব বদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, অপরাধ তদন্ত বিভাগ, সাইবার শাখা এবং একাধিক জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বদলির তালিকায় কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক রয়েছেন। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার ডিআইজি পদে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। তিনি এত দিন রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী বাহিনীর আইজি পদে ছিলেন। শহরের ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার করা হয়েছে আইপিএস ভোলানাথ পাণ্ডেকে। তিনি আগে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার ডিআইজি ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা এত দিন রাজ্য পুলিশের নিরাপত্তা বিভাগের ডিআইজি ছিলেন। তাঁকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে আনা হয়েছে। এছাড়াও আইপিএস নীলু শেরপাকে রাজ্য পুলিশের আবাসন ও পরিকাঠামো উন্নয়ন নিগমের আইজি করা হয়েছে। তিনি এত দিন রাজ্য অপরাধ নথি ব্যুরোর আইজি ছিলেন। আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে রাজ্য অপরাধ নথি ব্যুরোর আইজি করা হয়েছে। তিনি আগে হোমগার্ডের আইজি পদে ছিলেন। রাজ্য পুলিশের আবাসন ও পরিকাঠামো উন্নয়ন নিগমের ডিআইজি ছিলেন আইপিএস দেবর্ষি দত্ত। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে। আইপিএস নীমা নরবু ভুটিয়াকে সশস্ত্র পুলিশ বাহিনীর দশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের পদ থেকে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। আইপিএস ধৃতিমান সরকার এত দিন গোয়েন্দা শাখার বিশেষ পুলিশ সুপার ছিলেন। তাঁকে মালদহে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার শাখাতেও বদল হয়েছে। নতুন ডিসি হচ্ছেন আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি এত দিন সশস্ত্র পুলিশ বাহিনীতে ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের নতুন ডিসি হচ্ছেন আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি আগে শিলিগুড়ি পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি ছিলেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হয়েছেন আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশেও একাধিক আধিকারিকের দায়িত্ব বদল হয়েছে। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদীপ্তা আচার্যকে সরিয়ে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। কালিম্পঙের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হচ্ছে অভিষেক রায়কে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন মানবেন্দ্র দাস। মালদহ গ্রামীণের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন কুণাল বর্ণাবাস। এঁরা প্রত্যেকেই রাজ্য পুলিশ সার্ভিসের আধিকারিক।
একসঙ্গে ২৩ জন আধিকারিকের এই বদলির ফলে কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, অপরাধ তদন্ত বিভাগ, সাইবার শাখা এবং বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন আধিকারিক দায়িত্ব নিতে চলেছেন।
Hindustan TV Bangla Bengali News Portal