Breaking News

প্রেম করে বিয়ে বছর দেড়েক আগে, দত্তপুকুরে একই ঘর থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার! ধোঁয়াশায় মৃত্যুর কারণ

নিজস্ব সংবাদদাতা :-উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে নিবাদুই চড়কপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। যদিও কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রসেন দাস ও গীতশ্রী পাল দাস। তাঁদের বয়স যথাক্রমে ২৭ ও ২৩ বছর। প্রায় দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। প্রসেন গাড়ি চালাতেন। গীতশ্রীর বাপের বাড়ি হুগলির উত্তরপাড়া এলাকায়। বিয়ের পর দত্তপুকুরেই সংসার পাতেন দু’জনে। পরিবারের তরফে দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বড় ধরনের দাম্পত্য অশান্তি ছিল না। বিয়ের সময় গীতশ্রীকে নিয়ে পরিবারের কারও আপত্তি থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ফলে আচমকা এমন ঘটনায় তাঁরাও হতবাক। শনিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও প্রসেন ও গীতশ্রীর ঘরের দরজা খোলেনি। পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। দু’জনের মোবাইলে ফোন করা হলেও ফোন ধরেননি তাঁরা। এরপর সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দরজায় ধাক্কা দেন। ভিতর থেকে কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। সেখানেই দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গীতশ্রীর বাপের বাড়ির পক্ষ থেকে শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি এবং দম্পতির উপর চাপ তৈরির অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে প্রসেন ও গীতশ্রী এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *