নিজস্ব সংবাদদাতা :-গাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে গ্রেফতার হলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার গোপালনগর বাজার এলাকা থেকে গাড়ি-সহ তাঁকে আটক করে পুলিশ। পরে গোপালনগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে নিজের চারচাকা গাড়িতে করে গোপালনগর বাজারের দিকে যাচ্ছিলেন বিশ্বজিৎ। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাঁর গাড়ি আটকায়। গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। অস্ত্রটি কীভাবে গাড়িতে এল এবং সেটি কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রাক্তন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে গাড়ি-সহ থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতারির সিদ্ধান্ত নেয় পুলিশ। বিশ্বজিৎ দাসের রাজনৈতিক পরিচিতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন। ২০২৪ সাল থেকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দায়িত্বও সামলেছেন। পরবর্তী সময়ে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে পরাজিত হন। এরপর বিধানসভা নির্বাচনেও বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয় পাননি তিনি।
ভোটের ফল প্রকাশের পর বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজনের সঙ্গে বিশ্বজিতের রুদ্ধদ্বার বৈঠকের ছবি সামনে আসে। এরপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়। তাঁকে ‘ঋত তৃণমূল’ শিবিরের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল।
তবে সেই রাজনৈতিক জল্পনার মধ্যেই এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে তাঁর গ্রেফতারি নতুন করে চর্চা তৈরি করেছে। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস ও সেটি গাড়িতে কীভাবে এল, তা জানার চেষ্টা চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal