Breaking News

স্কুলও বিক্রির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! জরাজীর্ণ ক্লাবে চলছে শিশুদের পড়াশোনা, কেষ্টপুরে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-সরকারি স্কুল বিক্রির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কেষ্টপুরে। বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দীর বিরুদ্ধে স্কুল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, একসময় ওই এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি স্কুলটি আগুনে পুড়ে যাওয়ার পর দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। সেই সুযোগে স্কুলের জায়গা অন্য এক ব্যক্তির হাতে বিক্রি করে দেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ ঘিরে এখনও পর্যন্ত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুধবার তাঁর খোঁজও মেলেনি।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৪-১৫ বছর আগে এলাকার ওই অঙ্গনওয়াড়ি স্কুলে আচমকা আগুন লাগে। এরপর থেকেই স্কুলটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে স্কুলের জায়গাটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে ওই জমিতে তৈরি হয়েছে একটি অফিস। স্থানীয়দের দাবি, যিনি স্কুলের জমি কিনেছেন, তিনিই সেখানে অফিস নির্মাণ করেছেন। অন্যদিকে, স্কুলের পঠনপাঠন চলছে এলাকার একটি জরাজীর্ণ ক্লাবে। ফলে সেখানে পড়ুয়া শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।বুধবার ওই অফিসের সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে পুরনো জায়গায় স্কুল ফিরিয়ে দিতে হবে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশে পঠনপাঠনের ব্যবস্থা করতে হবে।
এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এলাকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে দুর্বল। তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য ওই স্কুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর কথায়, স্কুলটি আগুনে পুড়ে যাওয়ার পর কয়েক দিন বন্ধ থাকলেও পরে ক্লাবে অস্থায়ীভাবে পঠনপাঠন শুরু হয়। কিন্তু ক্লাবটির অবস্থাও অত্যন্ত খারাপ। সেখানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ওই বাসিন্দার আরও দাবি, প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে স্কুলটি বিক্রি করা হয়েছে বলে তাঁরা শুনেছেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
স্কুলের জমি কীভাবে অন্যের হাতে গেল, সেই প্রশ্ন তুলেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে স্কুলটি আগের জায়গায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তবে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য এখনও জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *