প্রসেনজিৎ ধর, কলকাতা :-২০০৪ সালে বড়বাজারের ব্যবসায়ী শম্ভু চৌধুরীকে খুনের ঘটনায় তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায়ই বহাল রাখে। অভিযুক্তদের তরফে প্রত্যক্ষদর্শীর শনাক্তকরণ এবং অস্ত্র উদ্ধারের প্রমাণ নিয়ে প্রশ্ন তোলা হলেও সেই যুক্তি মানতে নারাজ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ঘটনার সময় গাড়িচালক প্রত্যক্ষদর্শী ছিলেন। পেট্রল পাম্পের হ্যালোজেন এবং কলকাতার রাস্তায় পর্যাপ্ত আলো থাকায় অপরাধীদের চিনতে তাঁর ভুল হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি গাড়ি থেকে উদ্ধার হওয়া গুলির খোলের সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলের ব্যালিস্টিক পরীক্ষায় মিল পাওয়া গিয়েছে। এই প্রমাণকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছে আদালত।
ঘটনাটি ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারির। রাত প্রায় ১১টা। কলকাতার রবীন্দ্র সরণিতে নিজের দফতরের কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ২৫ বছরের তরুণ ব্যবসায়ী শম্ভু চৌধুরী। সঙ্গে ছিলেন তাঁর গাড়িচালক উজ্জ্বল হালদার। চিৎপুর পেট্রল পাম্পের সামনে গাড়ি দাঁড় করানো থাকাকালীন আচমকাই সেখানে উঠে পড়ে তিন দুষ্কৃতী। চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেয় তারা। এরপর পিছনের আসনে শম্ভুকে দু’জনের মাঝে বসিয়ে শুরু হয় মারধর। তাঁর কাছে থাকা টাকা ও মূল্যবান সামগ্রীর খোঁজ করতে থাকে দুষ্কৃতীরা।এরপর আরজি কর রোডের কাছে গাড়ির ডিকি থেকে টাকা ও কাগজপত্র লুট করে নেয় হামলাকারীরা। পরে ক্যানাল ওয়েস্ট রোডের কাছে গাড়ি থামিয়ে মহম্মদ নওশাদ শম্ভুর মাথায় গুলি চালান। অন্য অভিযুক্ত শামসের আলি ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন। গোটা ঘটনার সাক্ষী ছিলেন গাড়িচালক উজ্জ্বল। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুলিশের কাছে মুখ না খোলার নির্দেশ দেয় দুষ্কৃতীরা। এরপর গাড়ি থেকে নেমে চম্পট দেয় তিন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় শম্ভুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনায় মহম্মদ নওশাদ, শামসের আলি এবং শেখ আবদুল হামিদকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১২ সালে আলিপুর আদালত তিন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। অভিযুক্তদের দাবি ছিল, প্রত্যক্ষদর্শী সঠিকভাবে তাঁদের শনাক্ত করতে পারেননি। পাশাপাশি অস্ত্র উদ্ধারের প্রমাণও যথেষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীর বয়ান, শনাক্তকরণ প্রক্রিয়া এবং ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে সেই যুক্তি খারিজ করে দেয় হাই কোর্ট। শেষ পর্যন্ত ২০০৪ সালের চাঞ্চল্যকর ব্যবসায়ী খুনের মামলায় তিন অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
Hindustan TV Bangla Bengali News Portal