Breaking News

ভোটার তালিকায় আর কোনও তথ্যগত ভুল নয়! বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলও, নয়া নির্দেশ কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোটার তালিকায় নাম রয়েছে কি না, সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কি না, তা যাচাই করতে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালিয়েছে নির্বাচন কমিশন। এ বার ভোটারদের দেওয়া তথ্যের ভুলত্রুটি সংশোধনের উপর বিশেষ জোর দিতে চলেছে কমিশন। সেই লক্ষ্যে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। কমিশনের নির্দেশ, ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংশোধন প্রক্রিয়ায় সংগ্রহ করা তথ্যের কোনও অমিল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন বুথস্তরের আধিকারিক বা বিএলও। ভোটার তালিকায় যাতে কোনও তথ্যগত অসঙ্গতি না থাকে, তা নিশ্চিত করার দায়িত্বও তাঁদের দেওয়া হয়েছে। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে এসআইআর চলাকালীন সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে সংগ্রহ করা তথ্য মিলিয়ে দেখতে হবে। দু’টি তথ্যের মধ্যে কোনও অমিল নজরে এলে তা চিহ্নিত করে যাচাই করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তথ্যের সত্যতা খতিয়ে দেখবেন বিএলওরা। কমিশনের লক্ষ্য, ভোটার তালিকায় প্রত্যেকের নাম ও অন্যান্য তথ্য নির্ভুল রাখা।উল্লেখ্য, কমিশনের আগের পরিসংখ্যান অনুযায়ী, বিহারের পর আরও ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬.৫ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হওয়ায় ওই নামগুলি বাদ দেওয়া হয়। এর বাইরে আরও ১২.৭ লক্ষ নাম ‘অন্যান্য’ তালিকায় রয়েছে। প্রায় ৩৬ লক্ষ ভোটারের নামের বিরুদ্ধে অন্য কেউ ফর্ম-৭ জমা দিয়ে আপত্তি জানানোর কারণে সেগুলি বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ নাম তথ্যগত অসঙ্গতির কারণে বাদ পড়েছে। সংশ্লিষ্ট ভোটারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগও রয়েছে।
কমিশনের বক্তব্য, প্যান কার্ড কিংবা আধার কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করিয়ে নেওয়া হয়। নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুল রাখার উপর জোর দেওয়া হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য বছরের পর বছর থেকে যায়। সেই প্রবণতা বন্ধ করতেই এই পদক্ষেপ। ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ অন্যান্য তথ্যের ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে।তবে শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ বা ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পরেই তথ্য সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের প্রত্যেকের তথ্য নির্ভুল হওয়া প্রয়োজন। এসআইআরের পর এ বার ভোটার তালিকার তথ্যগত ভুলত্রুটি দূর করতেই বাড়তি তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *