Breaking News

মল্লিকবাজারে তিনতলা বাড়ির কাপড়ের গুদামে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, ১০টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। বুধবার দুপুরে এজেসি বোস রোডের মল্লিকবাজারে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রীও। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, বাড়ির নীচের তলায় থাকা কাপড়ের গুদাম থেকেই আগুনের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তিনতলা বাড়িটির একেবারে নীচের তলায় রয়েছে কাপড়ের গুদাম। উপরের দু’টি তলায় বসবাস করেন আবাসিকরা। আগুন ছড়িয়ে পড়তেই দ্রুত তাঁদের বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, নীচের তলায় থাকা কাপড়ের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। সেখানে প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।মল্লিকবাজারের ওই বহুতলের চারপাশের এলাকা অত্যন্ত ঘিঞ্জি। ফলে আগুন নেভানোর কাজে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। বাড়ির আশপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় তাঁদের। আগুন যাতে পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে, সে জন্য চারদিক থেকে ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে আরও দমকলের ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আশপাশের বাড়িগুলিও খালি করা হয়। বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলিও দ্রুত বাইরে বের করে আনা হয়।
অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এক আবাসিকের কথায়, চোখের সামনে তাঁদের সবকিছু পুড়ে গিয়েছে। কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। তাঁরাও মনে করছেন, নীচের তলার কাপড়ের গুদাম থেকেই আগুন লেগেছে। অন্য এক আবাসিক জানান, তাঁরা সুস্থ রয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের ঘরদোর পুড়ে গিয়েছে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আপাতত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অগ্নিকাণ্ডের জেরে এজেসি বোস রোডে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *