নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন। দুই পক্ষের তরফেই প্রয়োজনীয় নথিপত্র জমা পড়েছে। এ বার দু’পক্ষকে মুখোমুখি শুনানির জন্য ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। আগামী শুক্রবার, ২৭ নভেম্বর বিকেলে এই শুনানি হবে। সেখানে দুই শিবিরের নেতা-নেত্রীদের পাশাপাশি তাঁদের আইনজীবীরাও উপস্থিত থাকতে পারেন। শুনানিতে দু’পক্ষের বক্তব্য ও জমা দেওয়া নথি খতিয়ে দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
দলের নাম এবং জোড়াফুল প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাটের তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দু’পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে। ফলে দলের নাম ও প্রতীকের দাবিদার এখন দুই শিবিরই। এই বিরোধের নিষ্পত্তি নিয়ে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের প্রক্রিয়া চলছিল। এ বার নথি জমা দেওয়ার পর শুনানির দিনক্ষণও নির্দিষ্ট করে দিল কমিশন।এর আগে দুই পক্ষকে যৌথ নোটিস পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে শুনানি স্থগিত রাখার কথা জানানো হয়েছিল। পাশাপাশি দু’পক্ষকেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়। সেই নির্দেশ মেনে গত ৫ নভেম্বর একাধিক নথি জমা দেয় গণতান্ত্রিক তৃণমূল। অন্যদিকে, ১৫ নভেম্বর নথি জমা দেয় কালীঘাটের তৃণমূল।
নথি জমা দেওয়াকে কেন্দ্র করেও দুই শিবিরের মধ্যে সংঘাত কম হয়নি। এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের নথি চুরির অভিযোগ ওঠে। প্রথমে ঋতব্রতপন্থী তৃণমূলের তরফে কালীঘাটের শিবিরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলা হয়। পালটা কয়েক দিন আগে ভুয়ো নথি নির্বাচন কমিশনে জমা দেওয়ার অভিযোগে কালীঘাট থানার দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফলে দলের নাম ও প্রতীক নিয়ে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি সংঘাতও ক্রমশ জোরালো হয়েছে।
উল্লেখ্য, এই বিরোধের নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ২৮ অগস্ট শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দলের নাম এবং জোড়াফুল প্রতীক নিয়ে দুই পক্ষের বিরোধের শুনানি করে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। সেই সময়সীমা প্রায় শেষের পথে। ফলে শুক্রবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, দু’পক্ষের বক্তব্য ও নথিপত্র খতিয়ে দেখে নির্বাচন কমিশন কাকে তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীকের অধিকারী বলে স্বীকৃতি দেয়।
Hindustan TV Bangla Bengali News Portal