Breaking News

সংসদের বিশেষ অধিবেশনের আগে শুভেন্দুর সঙ্গে একান্ত বৈঠক শতাব্দীর, মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন সাংসদ! জানালেন মুখ্যমন্ত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সংসদের আসন্ন বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তার মধ্যেই শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠক করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। আলিপুরের পিডব্লুডি টেন্টে দুপুর ১২টা নাগাদ এই সাক্ষাৎ হয়। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস নিয়ে যখন সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা, তখন এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শনিবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, নিজের লোকসভা কেন্দ্রের একটি কাজ নিয়ে আলোচনা করার জন্যই তাঁর কাছে সময় চেয়েছিলেন শতাব্দী। সেই আবেদনে সাড়া দিয়েই সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। বৈঠকে সাংসদকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তাঁর অবস্থান জানতে চান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর দাবি, জবাবে শতাব্দী জানিয়েছেন, তাঁরা মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই রয়েছেন।উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জল্পনা। সেই অধিবেশনের আগে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসার কথা এনসিপিআই সাংসদদের। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবারের একান্ত সাক্ষাতে বিশেষ অধিবেশনের আগে দলের সাংসদদের অবস্থান এবং পরবর্তী কৌশল নিয়েও আলোচনা হয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে, এনসিপিআইয়ের ২০ জন সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়েও এখনও অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে শনিবার হুইপ জারি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই হুইপের মাধ্যমে সাংসদদের উপর দলীয় নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে তৃণমূল। কারণ, হুইপ অমান্য করলে লোকসভার নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সব মিলিয়ে সংসদের বিশেষ অধিবেশনের আগে এনসিপিআই সাংসদদের অবস্থান এবং তাঁদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *