Breaking News

রবিবার ৯ ঘণ্টা ভাঙাপথে ব্লু লাইনের মেট্রো! সকাল ৯টা থেকে বন্ধ টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রবিবার ফের ভাঙাপথে চলবে কলকাতা মেট্রোর ব্লু লাইন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৯ নভেম্বর সকাল থেকে ব্যাহত হবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটের পরিষেবা। প্রায় ৯ ঘণ্টা শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে বন্ধ থাকবে মেট্রো চলাচল। যাত্রীদের সুবিধার্থে বিকল্প পরিষেবা সংক্রান্ত সূচিও প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।মেট্রো সূত্রে খবর, আগামী রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত অংশে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। ফলে এই সময়ের মধ্যে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনও মেট্রো চলবে না। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর থেকে ফের শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর সম্পূর্ণ রুটে মেট্রো চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সাধারণত রবিবার ব্লু লাইনে সকাল ৯টা থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়। শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর, দুই প্রান্তিক স্টেশন থেকেই ওই সময় প্রথম মেট্রো ছাড়ে। তবে ২৯ নভেম্বরের জন্য সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। একই সময়ে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবাও পাওয়া যাবে।উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর রবিবারও শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের পরিকল্পনা ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে শেষ মুহূর্তে সেই কাজ স্থগিত রাখতে হয়। এর আগেও গত ১৩ সেপ্টেম্বর, ১ নভেম্বর এবং ১৫ নভেম্বর রবিবার ব্লু লাইনে একইভাবে পরিষেবা ব্যাহত হয়েছিল। ফের এক রবিবার মেট্রোর এই পরিষেবা নিয়ন্ত্রণের জেরে যাত্রীদের যাতায়াতে কিছুটা অসুবিধার আশঙ্কা থাকছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *