Breaking News

‘অযোগ্য’দের যোগ প্রশিক্ষকের শংসাপত্র দেওয়ার অভিযোগ, এক বছর পর গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ যোগ কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-‘অযোগ্য’ ব্যক্তিদের যোগ প্রশিক্ষক হিসেবে সরকারি শংসাপত্র দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গ যোগ অ্যান্ড ন্যাচেরোপ্যাথি কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার শুভ্র ভট্টাচার্য। বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে একাধিক ব্যক্তিকে যোগ প্রশিক্ষক হওয়ার শংসাপত্র পাইয়ে দিয়েছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘটনায় ২০২৫ সালের ১৪ নভেম্বর অভিযোগ দায়ের হলেও গ্রেফতার করতে পুলিশের সময় লাগল প্রায় এক বছর। ধৃত শুভ্র ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলেও পরিচিত।ঘটনার সূত্রপাত প্রায় তিন বছর আগে। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ না নিয়েই বহু ব্যক্তি যোগ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বলে অভিযোগ ওঠে। এই ধরনের প্রবণতা রুখতে ২০২৩ সালে পরীক্ষার মাধ্যমে যোগ প্রশিক্ষকদের সরকারি শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের যোগ অ্যান্ড ন্যাচেরোপ্যাথি কাউন্সিল। কাউন্সিলের নথি অনুযায়ী, ওই বছরের ১ সেপ্টেম্বর পরীক্ষার মাধ্যমে মোট ২৪ জনকে শংসাপত্র দেওয়া হয়েছিল। সেই সময় রেজিস্ট্রারের দায়িত্বে ছিলেন শুভ্র ভট্টাচার্য।কিন্তু ২০২৫ সালে তিনি পদ থেকে সরে যাওয়ার পর শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। অভিযোগ, ২০১০ সালের পশ্চিমবঙ্গ যোগ অ্যান্ড ন্যাচেরোপ্যাথি আইন মেনে ওই শংসাপত্র দেওয়া হয়নি। ২৪ জনের মধ্যে ১৯ জন কোনও পরীক্ষায় অংশ না নিয়েই যোগ প্রশিক্ষকের শংসাপত্র পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বাকি পাঁচ জন পরীক্ষা দিলেও তাঁদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে দাবি করা হয়। এমনকী, ‘ক্লাস-এ’ এবং ‘ক্লাস-বি’ শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাও প্রাপকদের ছিল না বলে অভিযোগ।এই অভিযোগের ভিত্তিতে প্রথমে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হয়। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বসুর নির্দেশে স্বাস্থ্য ভবনের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর ২০২৫ সালের ২৭ জানুয়ারি ওই ২৪ জনের শংসাপত্র বাতিলের বিজ্ঞপ্তি জারি করেন শুভ্র ভট্টাচার্য নিজেই। কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শংসাপত্রপ্রাপ্তদের একাংশ আদালতের দ্বারস্থ হন। তবে শেষ পর্যন্ত শংসাপত্র বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে।এরপর কাউন্সিলের বৈঠক ডেকে প্রাক্তন রেজিস্ট্রারের
বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৎকালীন সভাপতি তুষার শীল। ২০২৫ সালের ১৪ নভেম্বর তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে প্রায় এক বছর পর গ্রেফতার করা হল শুভ্র ভট্টাচার্যকে।
প্রাক্তন রেজিস্ট্রারের গ্রেফতারি প্রসঙ্গে শনিবার তুষার শীল বলেন, যোগের সঙ্গে যুক্ত মানুষ হিসেবে শুভ্রর এমন কাজ মেনে নেওয়া কঠিন। তাঁর দাবি, সব বিষয়ে সাহায্য করার পরেও এ ধরনের অনিয়মের কথা তিনি ভাবতে পারেননি। অন্যদিকে, অভিযোগ দায়েরের পর গ্রেফতারিতে এত দেরি কেন, সেই প্রশ্নে পুলিশের বক্তব্য, অভিযোগ সংক্রান্ত নথি খতিয়ে দেখা এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। ফলে এক বছর আগের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *