প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় এবার বিবৃতি দিল পুণের পুলিশ। তাদের দাবি, নিহত সুখেন মাহাতো মত্ত অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় দু’জনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বলে দাবি মহারাষ্ট্রের পুলিশের। তবে মহারাষ্ট্র পুলিশের এই দাবি মানতে চাইছে না পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। পুলিশ নিজের ‘মুখ বাঁচাতে’ এই তত্ত্ব খাঁড়া করার চেষ্টা করেছে বলে দাবি তৃণমূলের। শুক্রবারই নিহতের পুরুলিয়ার বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন সকালে ‘খুনে’র ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হত্যাকাণ্ডে তিনি মর্মাহত ও ক্ষুব্ধ বলে এক্স হ্যান্ডেলে জানান মুখ্যমন্ত্রী। গোটা বাংলা মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে আছে বলেও জানান তিনি।মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে এই পোস্ট করার পরে পুণে পুলিশও একটি বিবৃতি দেয়। পুলিশের দাবি, গত সোমবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে। সুখেন স্থানীয় এক সংস্থায় কাজ করতেন। ঘটনার দিন দুপুর ৩টে নাগাদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুখেন। কিন্তু তিনি কাজে যাননি বলেই জানাচ্ছে পুলিশ। তাদের দাবি, কাজে যাওয়ার বদলে পুণের কোরেগাঁও এলাকায় মত্ত হয়ে ঘুরছিলেন সুখেন। পুণের শিখাপুর থানার ইনস্পেক্টর দীপরতন গায়কোয়াড়ের বক্তব্য, ঘটনার দিন মত্ত হয়ে দু’জনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সুখেন। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, ওই বচসার পরেই দুই ব্যক্তির হাতে খুন হন তিনি। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। যেখানে মৃত ব্যক্তি (সুখেন)-কে অপ্রকৃতস্থ অবস্থায় দু’জনের সঙ্গে ঝগড়া করতে দেখা যাচ্ছে। তবে হামলার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েনি। পরে দেখা যায়, ওই ঘটনাস্থলের কাছেই পড়ে রয়েছেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাঁকে।”পুণে পুলিশের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই জানা যায়, সুখেনের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবারই পুরুলিয়ায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বস্তুত, সুখেনকে খুনের অভিযোগ প্রকাশ্যে আসার পরে বুধবার রাতেই তাঁর বান্দোয়ানের বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেন। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোও যান নিহতের বাড়িতে।
Hindustan TV Bangla Bengali News Portal