প্রসেনজিৎ ধর, কলকাতা :- যুবসাথী প্রকল্পের সঙ্গে করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও। বিধানসভা ভিত্তিক ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা। আগামিকাল রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করতে চলেছে রাজ্য সরকার।নবান্নের বিশেষ নির্দেশ, জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে যুবসাথী ও ক্ষেতমজুরদের ভাতা সংক্রান্ত আবেদনপত্র বিলি ও জমা নেওয়া হবে। পাশাপাশি, ‘লক্ষ্মীর ভান্ডার’-এর নতুন আবেদনও গ্রহণ করা হবে এই শিবিরগুলিতে। পুরো কর্মসূচি ‘দুয়ারে সরকার’-এর আদলে পরিচালিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই, যুবসাথী প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে এনেছে রাজ্য সরকার।গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি কার্যকর হবে ১ এপ্রিল থেকেই। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিলির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকেই শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না-পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্য দিকে, ক্ষেতমজুরদের জন্য বছরে চার হাজার টাকার ভাতা দেওয়ার আবেদনও নেওয়া হবে একই শিবিরে।এখন রাজ্যের প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০.৬২ লক্ষ মহিলাকে নতুনভাবে এই প্রকল্পের আওতায় আনে আনা হয়েছে। সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের অনুদানও বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ফলে এবার থেকে সাধারণ শ্রেণির উপভোক্তারা মাসে ১ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এসটি ও এসসি ভুক্ত মহিলারা মাসে ১২০০ টাকার পরিবর্তে ১৭০০ টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য কী কী নথি লাগবে? আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স ও ছবি জমা দিতে হবে।এছাড়াও যুবসাথী প্রকল্প ঘোষণা হওয়ার পর এই প্রথমবার আবেদন নেওয়া হচ্ছে। বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। তবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সেক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী কোনও শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলেও আবেদন করতে পারবেন। মাসে ১৫০০ টাকা সহায়তা মিলবে সর্বাধিক পাঁচ বছরের জন্য। কী কী নথি লাগবে? আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal