Breaking News

বিধানসভা ভোটে প্রার্থী খুঁজছে তৃণমূল!প্রার্থী হতে আগ্রহী? তৃণমূল ভবনে বসল ‘বায়োডেটা বক্স’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই সরগরম বাংলার রাজনীতি। ইস্তেহারের খসড়া থেকে প্রার্থী বাছাই— সব মিলিয়ে শাসক শিবিরে এখন চূড়ান্ত ব্যস্ততা। এই আবহেই গত পাঁচ বছরের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে বায়োডেটা সংগ্রহের প্রক্রিয়া শুরু করল তৃণমূল কংগ্রেস।তবে এই বক্স বসানোর পর থেকে প্রার্থী হতে চেয়ে আবেদনের বন্যা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত শতাধিকের কাছাকাছি আবেদন জমা পড়েছে ওই বক্সে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন চিকিৎসক থেকে সমাজসেবীও। এমনকী বহু বিধায়ক এবং মন্ত্রীও বায়োডেটা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর। তৃণমূল সূত্রে খবর, ২রা মার্চ পর্যন্ত এই ড্রপ বক্স থাকবে ভবনে। তারপর শুরু হবে বাছাই পর্ব।যদিও গত কয়েক মাস ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে।তৃণমূল সূত্রে খবর, একঝাঁক নতুন মুখ ও সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে যেমন জল্পনা আছে, তেমনই সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং ভোটকুশলী সংস্থা ‘আইপ্যাক’-এর রিপোর্ট প্রার্থী চয়নে বড় ভূমিকা নেবে। দীর্ঘদিনের প্রথা মেনেই এই আবেদন প্রক্রিয়া চালু রাখা হয়েছে।একুশের নির্বাচনেও একইভাবে তৃণমূল ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। এমনকী লোকসভা নির্বাচনের আগেও বায়োডেটা বক্স বসানো হয়। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সেই রীতি মেনেই এবার তৃণমূল ভবনে ড্রপ বক্স বসল। তবে প্রতিবারই প্রার্থী ঘোষণায় চমক দেয় শাসকদল তৃণমূল। এবারও তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *