নিজস্ব সংবাদদাতা :- ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে হামলার শিকার হলেন এক চিত্র সাংবাদিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের ভিকনিবাটিটাকি এলাকায়, যেখানে একটি নির্মীয়মাণ সেতুর কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতু নির্মাণে গুণগত মান বজায় রাখা হচ্ছে না এবং কাজের পদ্ধতিতেও একাধিক ত্রুটি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে পৌঁছন জি ২৪ ঘণ্টা-র চিত্র সাংবাদিক ইন্দ্রজিৎ সাহু।

অভিযোগ নির্মাণকাজে যুক্ত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইতেই পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষোভের বশে ওই ইঞ্জিনিয়ার চিত্র সাংবাদিকের উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয়, যার জেরে মুখে আঘাত লাগে।

এছাড়াও সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদকর্মীদের উপর এ ধরনের হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal