প্রসেনজিৎ ধর, কলকাতা :- মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বুধবার দুপুরবেলা নাগাদ মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন লাগে। চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। জানা যাচ্ছে, প্রথমে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। সেখান থেকে পাশের একটি মিষ্টির দোকান ও পরপর লাগোয়া দোকানে আগুন লেগে যায় |পুলিশ সূত্রে খবর, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে । আগুনে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের । ভয়াবহ অগ্নিকাণ্ডে এদিন জ্বলতে থাকে মধ্যমগ্রাম স্টেশনের পাশে একের পর এক দোকান । পরপর শোনা যায় সিলিন্ডার বিস্ফোরণের শব্দও । আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে দমকলের একের পর এক ইঞ্জিন । আসে মধ্যমগ্রাম থানার পুলিশও ।একটি রেস্তোরাঁ, মিষ্টির দোকান-সহ আরও কয়েকটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে । তবে, কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় । দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে বিস্ফোরণ হয়ে আগুন লেগে থাকতে পারে ।পরে, সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে । ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রথম দিকে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে । ঘণ্টাখানেকের যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে । তবে আগুনে হতাহতের কোনও খবর নিশ্চিত করা হয়নি পুলিশের তরফে । যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পর কিছুক্ষণ আগেই ভস্মীভূত দোকানের ভিতর থেকে একটি দগ্ধ দেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা ।বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত বলেন, “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বিভাগ থেকে পুলিশ বাহিনী, সকলেই পৌঁছে যায় ঘটনাস্থলে । যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন । ঘটনাস্থলে প্রচুর উৎসাহী লোকের জমায়েত হয়ে গিয়েছিল । ভিড় বাড়তে থাকায় কাজেও কাজও ব্যাঘাত হচ্ছিল । সেই কারণে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে আগুনের ধারে-কাছ থেকে । ঠিক কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা সম্ভব না-হলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে চার-পাঁচটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে । আগুনে কোনও হতাহতের খবর মেলেনি এখনও অবধি । আগুন নিয়ন্ত্রণে এলে বিষয়টি স্পষ্ট হবে ।”
Hindustan TV Bangla Bengali News Portal