Breaking News

সিইও দফতরের সামনে অবস্থান-কাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া ওই মামলায় কলকাতার ২ কাউন্সিলর-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনা নিয়ে কমিশনকেই নিশানা করেছেন কলকাতা পুরসভার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। তাঁর কথায়, কোনও ভাঙচুর, হামলা করিনি। গেটের থেকে অনেক দূরে শান্তিপূর্ণ অবস্থান করেছি, তাতেও যদি অভিযোগ করে বুঝতে হবে, ভিতরে নিশ্চয় কোনও বেআইনি কাজ হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের তালিকায় রয়েছেন পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচিন সিং। এ ছাড়াও মইদুল, মহম্মদ ওয়াসিম, চন্দ্রকান্ত সিং এবং মহম্মদ রিজওয়ান আলির নামেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত ৩১ মার্চ মধ্যরাতে। অভিযোগ, স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে তৃণমূলের এই দুই কাউন্সিলরের নেতৃত্বে কয়েক জন কর্মী-সমর্থক বেআইনি জমায়েত করেন। সিইও-র বিরুদ্ধে প্ররোচনামূলক স্লোগান দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও, তাঁরা তা কর্ণপাত করেননি বলে এফআইআর-এ উল্লেখ করা হয়েছে। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।পুলিশ সূত্রে খবর, বেআইনি জমায়েত করে পুলিশি নির্দেশ অমান্য করা এবং সরকারি কর্মীদের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, কয়েকজন—মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং, মহম্মদ রিজওয়ান আলি-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা রাস্তায় আংশিক অবরোধ তৈরি করে যান চলাচলে বিঘ্ন ঘটান এবং CEO-র বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান তোলেন। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক সাব-ইন্সপেক্টরকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *